সুবহানের বিরুদ্ধে অভিযোগ দাখিলে ধার্য দিন ১৬ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর নায়েবে আমির মোহাম্মদ আবদুস সুবহানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ বা তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য ১৬ এপ্রিল দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল সোমবার এই দিন ধার্য করেন।গতকাল কার্যক্রমের শুরুতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহ্মুদ বলেন, দুপুরে তাঁরা সুবহানের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দেবেন। তদন্ত শেষ করে আনুষ্ঠানিক অভিযোগ দিতে আরও দুই মাস লাগবে। পরে ট্রাইব্যুনাল ১৬ এপ্রিল দিন ধার্য করেন।এ নিয়ে সুবহানের বিরুদ্ধে অভিযোগ তদন্তের সময় তৃতীয় দফা বাড়ানো হলো। গতকাল ছিল জামায়াত আহূত হরতাল। অন্যান্য হরতালের মতো গতকালও আসামি পক্ষের কোনো জ্যেষ্ঠ আইনজীবী ট্রাইব্যুনালে ছিলেন না।ট্রাইব্যুনাল গত ৬ জানুয়ারি সুবহানের বিরুদ্ধে তদন্ত দ্রুত শেষ করার তাগিদ দিয়ে রাষ্ট্রপক্ষকে তদন্ত প্রতিবেদন বা অগ্রগতি প্রতিবেদন গতকাল দাখিলের দিন ধার্য করেছিলেন।গত বছরের ১৫ এপ্রিল সুবহানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত শুরু হয়। তদন্ত সংস্থা জানায়, সুবহান একাত্তরে পাবনায় শান্তি কমিটি, রাজাকার ও আলবদর বাহিনী গঠনে নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করেন। পাবনা সদর থানার একটি ফৌজদারি মামলার আসামি সুবহানকে গত ২০ সেপ্টেম্বর গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ২৩ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল তাঁকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক রাখার নির্দেশ দেন।