সুবহানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দিয়েছে রাষ্ট্রপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুহাম্মদ আবদুস সুবহানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে জমা দিয়েছে রাষ্ট্রপক্ষ।

আজ রোববার বেলা দুইটার দিকে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহমুদ, জেয়াদ আল মালুম, সাইফুল ইসলাম ও নূরজাহান মুক্তা ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে এই আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছেন।
এর আগে গতকাল মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা তাদের ধানমন্ডির সেফ হোমের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ ব্রিফিংয়ে জানায়, প্রায় দেড় বছর ধরে চলা এ তদন্ত শেষ হয় ১২ সেপ্টেম্বর। তদন্তে আবদুস সুবহানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের নয়টি অভিযোগ পেয়েছে সংস্থাটি।
তদন্ত সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান সাংবাদিকদের বলেন, তদন্ত প্রতিবেদনে সুবহানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে গণহত্যা, হত্যা, অপহরণ, আটক, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ ও মানবতাবিরোধী অপরাধে ষড়যন্ত্রের নয়টি অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের পক্ষে তদন্ত কর্মকর্তাসহ ৪৩ জন সাক্ষী রয়েছেন।
২০১২ সালের ২০ সেপ্টেম্বর পাবনার একটি ফৌজদারি মামলায় সুবহানকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ২৩ সেপ্টেম্বর তাঁকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটকাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ওই সময় থেকে তিনি কারাগারে আছেন।
তদন্ত সংস্থা জানায়, মুক্তিযুদ্ধকালে পাবনায় শান্তি কমিটি গঠিত হলে সুবহান ছিলেন ওই কমিটির সাধারণ সম্পাদক। পরে ওই কমিটি বাতিল করে নতুন কমিটি গঠিত হলে সুবহানকে সহসভাপতি করা হয়। ১৯৩৬ সালে পাবনার সুজানগর থানার তৈলকুণ্ডি গ্রামে জন্মগ্রহণকারী সুবহান ছিলেন পাবনা জেলা জামায়াতের প্রতিষ্ঠাতা আমির।

সুবহানের বিরুদ্ধে যত অভিযোগ
তদন্ত সংস্থা জানায়, একাত্তরের ১২ মে সুবহানের নেতৃত্বে পাকিস্তানি সেনাদের একটি বিরাট বহর সুজানগর থানার সাতবাড়িয়া ইউনিয়নের কয়েকটি গ্রামে অভিযান চালিয়ে জ্ঞাত-অজ্ঞাত ৩০০-৪০০ জনকে হত্যা করে। এ ছাড়া গ্রামগুলোর ঘরবাড়ি লুট করে আগুন ধরিয়ে দেওয়া হয়।
সুবহানের বিরুদ্ধে গণহত্যার এ অভিযোগ ছাড়া অন্যান্য অভিযোগের মধ্যে রয়েছে—মুক্তিযুদ্ধকালে জামায়াত নেতা ও বিহারিদের নিয়ে মসজিদে আশ্রয় নেওয়া স্বাধীনতাকামী লোকদের অপহরণ করে হত্যা; একাত্তরের ১৩ এপ্রিল ঈশ্বরদীর যুক্তিতলা গ্রামে পাঁচজনকে হত্যা; ১৬ মে ঈশ্বরদীর অরণখোলা গরুর হাট থেকে দুজনকে অপহরণের পর জেলা পরিষদ ডাক বাংলোতে নিয়ে নির্যাতন; ২ মে ঈশ্বরদীর সাহাপুর গ্রামে লুণ্ঠনের পর অগ্নিসংযোগ ও বেশ কয়েকজনকে হত্যা; ১১ মে পাবনা সদর থানার কুলনিয়া ও দোগাছি গ্রামে সাতজনকে হত্যা ও বাড়িঘর লুণ্ঠনের পর অগ্নিসংযোগ; সেপ্টেম্বরে আতাইকুলা থানার দুবলিয়া বাজার থেকে দুজনকে অপহরণের পর হত্যা; ৩০ অক্টোবর ঈশ্বরদীর বেতবাড়িয়া গ্রামে চারজনকে অপহরণের পর হত্যা ও লুণ্ঠন প্রভৃতি।
তদন্ত সংস্থা জানায়, একাত্তরের ২০ মে সুবহানের নেতৃত্বে পাকিস্তানি সেনারা পাবনা সদর থানার ভাড়ারা গ্রামে অভিযান চালিয়ে ১৮ জনকে অপহরণ করে। তাঁদের মধ্যে একজনকে গ্রামের একটি স্কুলে হত্যা করা হয়। বাকি ১৭ জনকে পাবনা সদর নূরপুর বিদ্যুেকন্দ্রে নিয়ে আটকে রেখে নির্যাতন করা হয়। ওই ১৭ জনের কয়েকজনকে আটঘরিয়া থানার দেবত্তোর বাজারের পাশে বাঁশবাগানে গুলি করে হত্যা করা হয়। বাকিদের কোনো খোঁজ আর পাওয়া যায়নি।