সুবহানের বিরুদ্ধে কুপিয়ে হত্যার বর্ণনা দিলেন সাক্ষী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুহাম্মদ আবদুস সুবহানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল রোববার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১১তম সাক্ষী মো. ফজলুর রহমান৷ জবানবন্দিতে তিনি বলেছেন, একাত্তরে তিনি সুবহানকে নিজ হাতে তিন ব্যক্তিকে কুপিয়ে হত্যা করতে দেখেছেন৷
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ ফজলুর রহমানের জবানবন্দির সময় রাষ্ট্রপক্ষের কেঁৗসুলি জেয়াদ-আল-মালুম, সুলতান মাহমুদ, তুরিন আফরোজ ও রেজিয়া সুলতানা উপস্থিত ছিলেন৷
পাবনার একটি স্থানীয় পত্রিকার সম্পাদক ও ব্যবসায়ী ফজলুর রহমান (৬৩) জবানবন্দিতে বলেন, তাঁর গ্রামের বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলার দড়িনারিচা গ্রামে৷ একাত্তরের ১১ এপ্রিল পাকিস্তানি সেনারা ঈশ্বরদী দখল করে বিভিন্ন স্থানে ক্যাম্প স্থাপন করে৷ ওই দিনই জামায়াত, মুসলিম লীগ ও ভুট্টোর (জুলফিকার আলী ভুট্টো) নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টির স্থানীয় নেতারা পাকিস্তানি সেনাদের সঙ্গে নিয়ে ঈশ্বরদীর বিভিন্ন জায়গায় প্রায় ২০০ জনকে হত্যা করেন৷ এতে স্থানীয় প্রায় ২০০ জন ঈশ্বরদী জামে মসজিদে আশ্রয় নেন৷
রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, একাত্তরের ১৭ এপ্রিল বিকেলে পাবনা থেকে একটি সাদা গাড়ি ঈশ্বরদী জামে মসজিদের পাশে জামায়াতের নির্যাতন কেন্দ্রের সামনে এসে থামে৷ গাড়িটি থেকে সুবহানসহ তিন-চারজন নামলে কয়েকজন তাঁদের অভ্যর্থনা জানায়৷ সুবহান ও তাঁর সঙ্গে থাকা জামায়াতের লোকজন মোয়াজ্জেম হোসেন নামের এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে মসজিদ থেকে বের করে কয়লার ডিপোর কাছে নিয়ে যায়৷ জামায়াতের এক সদস্য তলোয়ারের মতো একটি ছোরা সুবহানের হাতে দেন৷ সুবহান সেটি দিয়ে মোয়াজ্জেমকে আঘাত করলে তিনি চিৎকার করে লুটিয়ে পড়েন। তখন সুবহানের সঙ্গে থাকা লোকজন মোয়াজ্জেমকে এলোপাতাড়ি কোপায়৷ ঘটনাটি তিনি ও মোয়াজ্জেমের ছেলে তহুরুল মসজিদের পাশের জঙ্গলে লুকিয়ে থেকে দেখেন৷ বাবাকে হত্যা করতে দেখে তহুরুল চিৎকার করলে তিনি (সাক্ষী) তাঁর মুখ চেপে ধরেন৷ পরে তাঁরা দুজন তিলকপুর গ্রামের আশ্রয়স্থলে ফিরে যান৷
ফজলুর রহমান বলেন, ১৮ এপ্রিল সকালে তহুরুল তাঁর বাবার লাশ আনতে যাওয়ার অনুরোধ করলে তাঁরা দুজন আবার ওই জঙ্গলে যান৷ সেখান থেকে তাঁরা আগের দিনের মতো সুবহানকে সাদা গাড়িতে করে নির্যাতন কেন্দ্রের সামনে নামতে দেখেন৷ এরপর মসজিদ থেকে মতলেব আহমেদ খান ও তঁার ছেলে নাজমুল হক খানকে টেনেহিঁচড়ে বের করে কয়লার ডিপোর কাছে নিয়ে যাওয়া হয়৷ এরপর আগের দিনের মতো ওই দুজনকেও কুপিয়ে হত্যা করা হয়৷ ওই কয়লার ডিপোর কাছেই পরে ঈশ্বরদী প্রেসক্লাব স্থাপন করা হয়৷ সেখানে স্থাপিত ১৯ জন শহীদের নামসংবলিত স্মৃতিফলকে মোয়াজ্জেম হোসেন, মতলেব আহমেদ খান ও নাজমুল হক খানের নাম রয়েছে৷
জবানবন্দি শেষে আসামির কাঠগড়ায় থাকা সুবহানকে শনাক্ত করেন ফজলুর রহমান৷ পরে তাঁকে জেরা শুরু করে আসামিপক্ষ৷ জেরা অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম আজ সোমবার পর্যন্ত মুলতবি করা হয়৷