সুবহানের বিরুদ্ধে তদন্তের সময় ৬ জানুয়ারি পর্যন্ত
জামায়াতে ইসলামীর নায়েবে আমির মোহাম্মদ আবদুস সুবহানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্তের জন্য আগামী বছরের ৬ জানুয়ারি পর্যন্ত সময় বাড়িয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল রোববার এ আদেশ দেন। আদেশে বলা হয়, ৬ জানুয়ারির মধ্যে সুবহানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন বা অগ্রগতি প্রতিবেদন জমা দিতে হবে। ওই দিন পর্যন্ত তিনি কারাগারে আটক থাকবেন।গতকাল সুবহানকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম তদন্তের জন্য আরও সময় চেয়ে আরজি জানান। তিনি বলেন, তদন্তে মুক্তিযুদ্ধকালে পাবনার বিভিন্ন এলাকায় সংঘটিত গণহত্যার সঙ্গে সুবহানের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এসব ঘটনার আরও বিস্তারিত তদন্তের জন্য সময় দরকার।রাষ্ট্রপক্ষের এই আবেদনের বিরোধিতা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। শুনানি শেষে ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করে আদেশ দেন। এ নিয়ে ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে অভিযোগ তদন্তের সময় দ্বিতীয় দফা বাড়ালেন।পাবনা সদর থানার একটি ফৌজদারি মামলার পরোয়ানাভুক্ত আসামি আবদুস সুবহানকে গত ২০ সেপ্টেম্বর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে গ্রেপ্তার করে। ২৩ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এই ট্রাইব্যুনাল তাঁকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক রাখার নির্দেশ দেন।রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন চলছে: একই ট্রাইব্যুনালে গতকাল জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় পঞ্চম দিনের মতো যুক্তি উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী। গতকাল তিনি আসামিপক্ষের সাক্ষীদের সাক্ষ্যের গ্রহণযোগ্যতা ও সত্যতা নিয়ে প্রশ্ন তুলে বিভিন্ন যুক্তি দেন। আজ সোমবারও রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপন করবে।কাদের মোল্লার পক্ষে সাক্ষ্য গ্রহণ ১৫ নভেম্বর: বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ গতকাল জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের সাক্ষ্য গ্রহণের জন্য ১৫ নভেম্বর দিন পুনর্নির্ধারণ করেন। গতকাল আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক সময় চেয়ে আরজি জানালে ট্রাইব্যুনাল এই দিন পুনর্নির্ধারণ করেন। কাদের মোল্লা এ সময় আসামির কাঠগড়ায় হাজির ছিলেন। তাঁর পক্ষে সাক্ষীর সংখ্যা ছয়জন নির্দিষ্ট করে দিয়েছেন ট্রাইব্যুনাল।