সুবহানের বিরুদ্ধে নয়টি অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুস সুবহান
আবদুস সুবহান

জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুহাম্মদ আবদুস সুবহানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের নয়টি অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আগামী ২৮ জানুয়ারি তাঁর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ শুরু হবে।

আজ মঙ্গলবার বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। এ সময় সুবহান এজলাসে উপস্থিত ছিলেন।

এজলাসে মুক্তিযুদ্ধকালে হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ ও অপহরণের নয়টি অভিযোগ পড়ে শোনানোর পর ট্রাইব্যুনাল সুবহানের কাছে জানতে চান—তিনি দোষী না নির্দোষ। সুবহান নিজেকে নির্দোষ দাবি করলে ট্রাইব্যুনাল সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেন।

গত ১৫ সেপ্টেম্বর সুবহানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের নয়টি অভিযোগসহ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষ। ১৯ সেপ্টেম্বর অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। ২ অক্টোবর থেকে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শুরু হয়।

গত বছরের ২০ সেপ্টেম্বর পাবনার একটি ফৌজদারি মামলায় সুবহানকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করলে ২৩ সেপ্টেম্বর তাঁকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক দেখানো হয়। ওই সময় থেকে তিনি কারাগারে আছেন।