জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুহাম্মদ আবদুস সুবহানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ২২তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৬ আগস্ট দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের এই ট্রাইব্যুনাল গতকাল সোমবার এই দিন ধার্য করেন।
গতকাল রাষ্ট্রপক্ষের ২১তম সাক্ষী শহিদুল্লাহকে চতুর্থ ও শেষ দিনের মতো জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। এ সময় সুবহান আসামির কাঠগড়ায় হাজির ছিলেন। শহিদুল্লাহকে জেরা শেষ হলে ৬ আগস্ট এ মামলার পরবর্তী দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
তদন্ত কর্মকর্তাকে জেরা চলছে: একই ট্রাইব্যুনালে গতকালও সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ৩২তম সাক্ষী ও এই মামলার তদন্ত কর্মকর্তা মনোয়ারা বেগমকে আসামিপক্ষ জেরা করে। আসামিপক্ষের আইনজীবী আবদুস সোবহান তরফদার গতকাল রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষী মনোয়ারা বেগমকে চতুর্থ দিনের মতো জেরা করেন। মনোয়ারা বেগম ২ ও ৭ জুলাই জবানবন্দি দেন। এরপর তাঁকে জেরা শুরু করে আসামিপক্ষ।