সুবহানের বিরুদ্ধে মামলাও শেষ পর্যায়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুহাম্মদ আবদুস সুবহানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলাও শেষ পর্যায়ে পৌঁছেছে। এই মামলায় চূড়ান্ত যুক্তি উপস্থাপনের জন্য আগামী ২ নভেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২-এ গতকাল বুধবার সুবহানের পক্ষে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। এই ট্রাইব্যুনাল সুবহানের পক্ষে সাক্ষীর সংখ্যা তিনজনে নির্ধারণ করে দিয়েছিলেন। কিন্তু আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম গতকাল ট্রাইব্যুনালকে জানান, তাঁরা কোনো সাক্ষী (সাফাই সাক্ষী) উপস্থাপন করবেন না। পরে চূড়ান্ত যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য করে ট্রাইব্যুনাল এই মামলার কার্যক্রম মুলতবি করেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহমুদ ও রেজিয়া সুলতানা গতকাল ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩ অনুসারে কোনো মামলায় প্রথমে রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপন করবে। রাষ্ট্রপক্ষের যুক্তি শেষে আসামিপক্ষ যুক্তি দেবে। রাষ্ট্রপক্ষ চাইলে আসামিপক্ষের যুক্তি খণ্ডন করবে। এরপর মামলার বিচারিক কার্যক্রম শেষে রায়ের দিন ঘোষণা করবেন ট্রাইব্যুনাল।

এই মামলায় দুজন তদন্ত কর্মকর্তাসহ রাষ্ট্রপক্ষে ৩১ জন সাক্ষ্য দিয়েছেন। গত বছরের ৩১ ডিসেম্বর সুবহানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার নয়টি অভিযোগ গঠন করা হয়। তিনি বর্তমানে কারাগারে আটক আছেন।

ট্রাইব্যুনাল-২-এ দুটি মামলা বিচারিক কার্যক্রম শেষে রায়ের অপেক্ষায় আছে। এ দুটি হলো জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলী ও সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে মামলা।