সুবহানের বিরুদ্ধে মামলায় আরেক সাক্ষীর সাক্ষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধ
মানবতাবিরোধী অপরাধ

জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুহাম্মদ আবদুস সুবহানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বুধবার সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের ২০তম সাক্ষী হোসেন সরদার।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ হোসেন সরদার জবানবন্দিতে বলেন, মুক্তিযুদ্ধকালে ভাদ্র মাসের শেষ দিকে দুবলিয়া বাজারের একটি চায়ের দোকান থেকে কলিমুদ্দিনকে ধরে নিয়ে যায় সুবহানসহ সাত-আটজন সশস্ত্র রাজাকার। পরদিন কলিমুদ্দিনকে কুচিয়ামারা কালিমন্দিরের কাছে নিয়ে যাওয়া হয়। ওই সময় নিজাম উদ্দিন (রাষ্ট্রপক্ষের ১৯তম সাক্ষী) ও অন্যদের সঙ্গে তিনিও (সাক্ষী) ওই কালিমন্দিরের কাছে যান। ঝোপের আড়াল থেকে তাঁরা গুলির শব্দ পান। কিছুক্ষণ পর সুবহান ও রাজাকাররা গাড়িতে করে পাবনা শহরের দিকে চলে গেলে তাঁরা মন্দিরে ঢুকে কলিমুদ্দিনের গুলিবিদ্ধ লাশ দেখেন।
নিজাম উদ্দিন গত মঙ্গলবার ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে তাঁর চাচা কলিমুদ্দিন হত্যাকাণ্ডের প্রায় একই ধরনের বিবরণ দেন।
জবানবন্দি শেষে হোসেন সরদারকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। আজ বৃহস্পতিবার এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়।