সুবহানের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুহাম্মদ আবদুস সুবহানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো যুক্তি দিয়েছে রাষ্ট্রপক্ষ। গতকাল সুবহানের বিরুদ্ধে আরও দুটি অভিযোগের বিষয়ে যুক্তি উপস্থাপন শেষ হয়।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল সুবহানের বিরুদ্ধে দ্বিতীয় ও তৃতীয় অভিযোগের বিষয়ে যুক্তি দেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রেজিয়া সুলতানা। গত বুধবার সুবহানের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন শুরু হয়। সেদিন কৌঁসুলি প্রথম অভিযোগের ওপর যুক্তি দিয়েছিলেন। সুবহানের বিরুদ্ধে একাত্তরে গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের নয়টি অভিযোগ রয়েছে।
বুধবার যুক্তি উপস্থাপন শুরুর আগে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ টিপু সূচনা বক্তব্য দেন। এরপর একাত্তরে মুক্তিযুদ্ধকালে সুবহানের কর্মকাণ্ড তুলে ধরেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহমুদ। পরে অভিযোগভিত্তিক যুক্তি উপস্থাপন শুরু হয়।
গতকাল যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম ৯ নভেম্বর (রোববার) পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।