সুবহানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুহাম্মদ আবদুস সুবহানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল রোববার তৃতীয় দিনের মতো যুক্তি উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ। গতকাল সুবহানের বিরুদ্ধে আরও দুটি অভিযোগের বিষয়ে যুক্তি উপস্থাপন শেষ হয়।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল সুবহানের বিরুদ্ধে অভিযোগভিত্তিক যুক্তি উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রেজিয়া সুলতানা। তিনি সুবহানের বিরুদ্ধে চতুর্থ ও পঞ্চম অভিযোগের বিষয়ে যুক্তি উপস্থাপন করেন। এর আগে তিনি প্রথম তিনটি অভিযোগের ওপর যুক্তি দিয়েছিলেন। সুবহানের বিরুদ্ধে একাত্তরে গণহত্যাসহ নয়টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে।
গত বুধবার সুবহানের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন শুরু করে রাষ্ট্রপক্ষ। যুক্তি উপস্থাপনকালে রাষ্ট্রপক্ষ জানায়, একাত্তরে পাবনা জেলা জামায়াতের আমির সুবহান স্থানীয় শান্তি কমিটির ভাইস চেয়ারম্যান ছিলেন। মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি সেনা ও তার সহযোগী রাজাকার-আলবদর বাহিনীর সঙ্গে সুবহানের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তিনি ছিলেন পাবনায় রাজাকার বাহিনীর মুখ্য নিয়ন্ত্রক ও স্বাধীনতাবিরোধীদের প্রধান সংগঠক।
নিয়ম অনুসারে, সুবহানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হলে আসামিপক্ষ যুক্তি দেবে। এরপর রাষ্ট্রপক্ষ যুক্তি খণ্ডন করবে। এরপর মামলার কার্যক্রম শেষে রায়ের দিন ধার্য অথবা রায় অপেক্ষমাণ রাখবেন ট্রাইব্যুনাল।