
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াত নেতা আবদুস সুবহানের বিরুদ্ধে পাবনার একটি হামলা-ভাঙচুরের মামলায় সাক্ষ্যগ্রহণ হয়েছে। একই সঙ্গে আগামী ১৯ ডিসেম্বর পুনরায় মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে পাবনার আমলি আদালত-১-এ আবদুস সুবহানকে হাজির করে এই সাক্ষ্যগ্রহণ হয়।
আদালতের বিচারক ও অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. রেজাউল করিম চারজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে পুনরায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন। এ সময় আদালত এলাকায় কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়।
আদালত সূত্রে জানা যায়, চলতি বছরের ১১ এপ্রিল মামলাটির অভিযোগ গঠন করা হয়েছেন। এরপর ২১ জুন প্রথম সাক্ষ্যগ্রহণের দিন ছিল। এবার দ্বিতীয় দফায় সাক্ষ্যগ্রহণ হলো। চারজন সাক্ষী আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য দিয়েছেন। এ সময় আবদুস সুবহানও কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
আদালতে আবদুস সুবহানকে হাজির করা উপলক্ষে সকাল থেকে জেলা জজ আদালতের চারপাশে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়। কঠোর পুলিশ প্রহরার মধ্য দিয়ে দুপুর ১২টার দিকে আবদুস সুবহানকে আদালতে আনা হয়। এরপর সাক্ষ্যগ্রহণ শেষে তাঁকে আবার পাবনা জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ও সরকারি কৌঁসুলি মো. আখতারুজ্জামান বলেন, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় আবদুস সুবহান প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলেন। সে সময় তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকায় প্রভাব খাঁটিয়ে মামলা করতে দেননি। তাই ঘটনার নয় বছর পর বাদী মামলা করেছেন।
আসামিপক্ষের আইনজীবী মাসুদ খোন্দকার বলেন, ‘এটি উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক মামলা। মামলাটির কোনো ভিত্তি নেই। রাজনৈতিকভাবে আবদুস সুবহানকে হেয় করার জন্যই মামলাটি হয়েছে।’
২০০৩ সালের ৩০ আগস্ট পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের তিনটি গ্রামের ১৮২টি বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। সেই ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য আবদুল কুদ্দুস বাদী হয়ে ২০১২ সালের ২ এপ্রিল আবদুস সুবহানসহ ৩১ জনের বিরুদ্ধে মামলাটি করেন।