সুবহানের বিরুদ্ধে সূচনা বক্তব্য আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুহাম্মদ আবদুস সুবহানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার কার্যক্রম গতকাল মঙ্গলবার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ শুরু হয়েছে। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ এ মামলায় রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্যের জন্য আজ বুধবার দিন ধার্য করেছেন। সুবহান এ সময় আসামির কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলাটি গত বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ থেকে ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তর করা হয়। বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর ১১এ ধারা অনুসারে, একটি বিচারাধীন মামলার যেকোনো পর্যায়ে ট্রাইব্যুনাল নিজ উদ্যোগে অথবা রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির আবেদনের পরিপ্রেক্ষিতে অন্য ট্রাইব্যুনালে স্থানান্তর করতে পারেন।

মুক্তিযুদ্ধকালে সুবহানের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের নয়টি অভিযোগ গঠন করে গত বছরের ৩১ ডিসেম্বর ট্রাইব্যুনাল-১ এই মামলার বিচার শুরু করেন।

২০তম সাক্ষীকে জেরা শেষ: জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল রাষ্ট্রপক্ষের ২০তম সাক্ষী লুৎফর রহমানকে আসামিপক্ষের জেরা শেষ হয়েছে। আসামিপক্ষের আইনজীবী সৈয়দ মিজানুল ইসলাম তাঁকে জেরা করেন। এ সময় আসামির কাঠগড়ায় মীর কাসেম হাজির ছিলেন। পরে এ মামলার কার্যক্রম ৬ এপ্রিল পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।