জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুহাম্মদ আবদুস সুবহানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ থেকে ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তর করা হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ গতকাল বৃহস্পতিবার স্বতঃপ্রণোদিত হয়ে এই আদেশ দেন।
একাত্তরে মুক্তিযুদ্ধকালে সুবহানের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের নয়টি অভিযোগ গঠন করে গত বছরের ৩১ ডিসেম্বর ট্রাইব্যুনাল-১ এই মামলার বিচার শুরু করেন। তবে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ এখনো শুরু হয়নি। এদিকে সুবহানের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনার (রিভিউ) জন্য আসামিপক্ষের করা আবেদন গতকাল শুনানি শেষে খারিজ করেন ট্রাইব্যুনাল-১।
বার্গম্যানের ব্যাখ্যার বিষয়ে শুনানি ৩১ মার্চ: মুক্তিযুদ্ধকালে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে নিজস্ব ব্লগে করা মন্তব্যের বিষয়ে ইংরেজি দৈনিক নিউ এজ পত্রিকার সাংবাদিক ডেভিড বার্গম্যানের দেওয়া ব্যাখ্যার বিষয়ে শুনানির জন্য ৩১ মার্চ দিন পুনর্নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল-২। গতকাল এ বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। কিন্তু বাদীপক্ষের আইনজীবী শুনানির দিন পুনর্নির্ধারণের আরজি জানালে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ তা মঞ্জুর করেন।