সুবহানের মামলার রায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুহাম্মদ আবদুস সুবহানের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ বুধবার ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ গতকাল মঙ্গলবার রায় ঘোষণার এ দিন ধার্য করেন। গত বছরের ৪ ডিসেম্বর এই মামলায় দুই পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় অপেক্ষমাণ (সিএভি—কেস অ্যায়োটিং ভারডিক্ট) রাখা হয়।
একাত্তরে মুক্তিযুদ্ধকালে সুবহানের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের নয়টি অভিযোগ রয়েছে। রাষ্ট্রপক্ষের দাবি, তারা সব অভিযোগ প্রমাণ করতে পেরেছে। এ জন্য সুবহানের সর্বোচ্চ সাজা প্রাপ্য। পাশাপাশি সুবহানের জন্য ক্ষতিগ্রস্ত ও ভুক্তভোগীদের ক্ষতিপূরণেরও দাবি জানায় রাষ্ট্রপক্ষ।
তবে আসামিপক্ষ দাবি করেছে, সুবহান সব অভিযোগ থেকে খালাস পাবেন। কারণ, তাঁর বিরুদ্ধে একটি অভিযোগও রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পারেনি।
পাবনা জেলা জামায়াতের প্রতিষ্ঠাতা আমির সুবহান একাত্তরে দলটির কেন্দ্রীয় শুটরা সদস্য ছিলেন। মুক্তিযুদ্ধ শুরুর পর পাবনায় শান্তি কমিটি গঠিত হলে সুবহান প্রথমে ওই কমিটির সাধারণ সম্পাদক ও পরে সহসভাপতি হন। ২০১২ সালের ২০ সেপ্টেম্বর বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সুবহানকে আটক করে। ২৩ সেপ্টেম্বর তাঁকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এর পর থেকে তিনি কারাগারে আছেন।
দুই ট্রাইব্যুনাল এ পর্যন্ত মানবতাবিরোধী অপরাধের ১৫টি মামলার রায় দিয়েছেন। এর মধ্যে ট্রাইব্যুনাল-২ আটটি ও ট্রাইব্যুনাল-১ সাতটি মামলার রায় দিয়েছেন। এগুলোর মধ্যে সাতটি মামলা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন আছে। জামায়াতের আরেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী ও সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের রায় আপিল বিভাগ ঘোষণা করলেও পূর্ণাঙ্গ রায় এখনো প্রকাশিত হয়নি। জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে ফাঁসির রায় ২০১৩ সালের ১২ ডিসেম্বর কার্যকর হয়েছে। আপিল বিচারাধীন অবস্থায় মারা গেছেন জামায়াতের সাবেক আমির গোলাম আযম এবং বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীম।
২০১৩ সালের ৩১ ডিসেম্বর সুবহানের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের নয়টি অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়।