কক্সবাজার শহরের কলাতলী এলাকায় স্থাপিত কক্সবাজার পরমাণু চিকিৎসাকেন্দ্রে পারমাণবিক শক্তি কাজে লাগিয়ে রোগনির্ণয় ও সেবাদানের অত্যাধুনিক সব ব্যবস্থা রয়েছে। কিন্তু সেবা নেওয়ার রোগী পাওয়া যাচ্ছে না। এ কারণে কেন্দ্রটি বাঁচিয়ে রাখা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
শহরের কলাতলী সৈকতসংলগ্ন ‘সৈকত খনিজ বালি আহরণ কেন্দ্র’ ক্যাম্পাসে ২০১৩ সালের জুন মাসে প্রতিষ্ঠিত এই পরমাণু চিকিৎসাকেন্দ্রে অত্যাধুনিক যন্ত্রপাতি ও দক্ষ জনশক্তি থাকার পরও দৈনিক গড়ে চারজন রোগী সেবা নিচ্ছেন।
কেন্দ্রের তথ্যমতে, গত অক্টোবর মাসে এই কেন্দ্রে চিকিৎসাসেবা নিয়েছেন ১৩১ জন। এর বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ৭৭ হাজার ৫০ টাকা। সেপ্টেম্বর মাসে সেবা নিয়েছেন ৬০ জন রোগী। এতে রাজস্ব আদায় হয়েছে ৪০ হাজার টাকা। অথচ কেন্দ্রে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ প্রতি মাসে সরকারের খরচ যাচ্ছে লাখ টাকার বেশি। তা ছাড়া কেন্দ্র পরিচালনার বিপরীতে প্রতি মাসে কয়েক লাখ টাকা করে গচ্চা দিতে হচ্ছে।
৩ নভেম্বর দুপুরে সরেজমিন দেখা গেল, কেন্দ্রটি ফাঁকা। সেবা নেওয়ার মতো কোনো রোগী নেই। সংশ্লিষ্ট চিকিৎসকসহ প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীরা রোগীর জন্য অপেক্ষায় আছেন।
রোগী নেই কেন? জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর সরকারি এই চিকিৎসা প্রতিষ্ঠানে রোগী না আসার কারণ তিনটি। এক, শহরের সরকারি-বেসরকারি হাসপাতাল ক্লিনিক থেকে এখানে রোগী পাঠাতে অনীহা; দুই, এখানে রোগী পাঠালে কমিশন দেওয়া হয় না (চিকিৎসকেরা বিভিন্ন বেসরকারি হাসপাতালে রোগী পাঠালে নির্দিষ্ট হারে কমিশন পান) এবং তিন, আধুনিক মানের এই কেন্দ্র সম্পর্কে জেলার মানুষ এখনো অন্ধকারে।
কেন্দ্রের ল্যাব সহকারী মো. আকিব জাবেদ জানান, শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে হরমোন পরীক্ষা করতে তিন হাজার টাকা লাগে। অথচ এই পরীক্ষা এখানে এক হাজার টাকার কমে করা যায়। ইউএসজি অব কেইউবি, প্রোস্ট, এমসিসি, পিভিআর, ইউএসজি অব প্রেগন্যান্সি প্রোপাইল, ইউএসজি অব হোল অ্যাবডোমেন, এইচআরইউস অব ব্রেস্ট, এইচআরইউএস অব থাইরয়েডসহ বিভিন্ন রোগ পরীক্ষা করতে বাইরে এক হাজার টাকার বেশি খরচ হলেও এখানে ৩০০ টাকার মধ্যে সম্ভব।
এখানে দুটি করে ইউএসজি (আলট্রাসনোগ্রাম) মেশিন, স্পেক্ট (গামা ক্যামেরা) মেশিন ও আরআইএ কাউন্টার মেশিনের মতো আধুনিক যন্ত্রপাতি রয়েছে। অথচ সেবা দেওয়ার মতো তেমন রোগী পাওয়া যাচ্ছে না।
কেন্দ্রের প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান জানান, সরকারি হাসপাতাল থেকে এখানে রোগী রেফার করে খুব কম। আর শহর থেকে কেন্দ্রটি দূরে বলে রোগীও পাওয়া যাচ্ছে না। এখন কেন্দ্র সম্পর্কে সাধারণ লোকজনকে জানাতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে।
বর্তমানে কক্সবাজার কেন্দ্রে একজন মুখ্য চিকিৎসা কর্মকর্তার নেতৃত্বে একজন মেডিকেল অফিসার, একজন সায়েন্টিফিক অফিসার, একজন সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, দুজন ল্যাব অ্যাসিস্ট্যান্ট, একজন প্রশাসনিক কর্মকর্তাসহ ১৮ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন।