সুবিধা দেওয়ার কথা বলে অতিরিক্ত ফি আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলমান জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় বরগুনার আমতলী উপজেলার গাজীপুর পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের সুযোগ-সুবিধা দেওয়ার জন্য কেন্দ্রসচিব নির্ধারিত ফির তিন গুণ টাকা নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। কেন্দ্রের পরীক্ষা কক্ষ পরিদর্শকেরা পরীক্ষার্থীদের প্রশ্নোত্তর বলে দিচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, ২০১২ সালের জেএসসি পরীক্ষায় আমতলী উপজেলায় আমতলী, গাজীপুর ও চুনাখালী তিনটি কেন্দ্রে এবং নবগঠিত তালতলী উপজেলার তালতলীতে একটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। জেএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডের নির্ধারিত কেন্দ্র ফি ১৩০ টাকা।গাজীপুর পরীক্ষাকেন্দ্রের পরীক্ষার্থী ও অভিভাবক সূত্রে জানা গেছে, এই কেন্দ্রে ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩৮১ জন পরীক্ষার্থীর কাছ থেকে পরীক্ষায় সুযোগ-সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কেন্দ্রসচিব ও গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান সিকদার ৪০০ টাকা করে আদায় করেছেন।বৃহস্পতিবার সমাজবিজ্ঞান পরীক্ষা শেষে ওই কেন্দ্রের পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কক্ষ পরিদর্শকেরা নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তরগুলো বলে দিয়েছেন ও রচনামূলক পরীক্ষায়ও অনেককে সহযোগিতা করেছেন।ওই কেন্দ্র পরিদর্শনের দায়িত্বরত উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, তিনি সেখানে একা দায়িত্ব পালন করছেন। কেন্দ্রে নকল চলার বিষয়টি তিনি অস্বীকার করেন।নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষক জানান, জেএসসি পরীক্ষায় সুবিধা প্রদান এবং আগামী এসএসসি পরীক্ষার কেন্দ্র স্থাপনের জন্য খরচ বাবদ কেন্দ্রসচিব অতিরিক্তি ২৭০ টাকা করে আদায় করেছেন।কেন্দ্রসচিব শাহজাহান সিকদার বলেন, ‘কোনো অতিরিক্ত অর্থ নিইনি। বোর্ড নির্ধারিত ফি নিয়েছি। পরীক্ষায় নকল হচ্ছে না।’আমতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, অতিরিক্ত ফি আদায়ের বিষয়টি তিনি শুনেছেন। তবে কেউ অভিযোগ না দেওয়ায় তিনি কোনো ব্যবস্থা নিতে পারেননি।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেএসসি পরীক্ষাকেন্দ্রগুলোর সভাপতি মো. আবদুল্লাহ জানান, কেন্দ্র ফি ১৩০ টাকা থেকে বাড়িয়ে ১৫০ টাকা করার জন্য গাজীপুর কেন্দ্রসচিব শাহজাহান সিকদার প্রস্তাব করেছিলেন। কিন্তু তিনি তাঁকে ১৩০ টাকা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন। অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টি তাঁর জানা নেই। তবে পরীক্ষা সুষ্ঠুভাবে চলছে বলে তিনি জানান।