সুবিধা না পেয়ে প্রকল্পের কাজে আ.লীগ-বিএনপি-জাপার বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল এলাকায় ওমেরা এলপিজি (লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস) প্রকল্পের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা। স্থানীয় আওয়ামী লীগ, বিএনপি ও জাপার কয়েকজন নেতা সমর্থকসহ প্রায় ২৫ জন গত শুক্রবার সকালে প্রকল্পের বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করেন। তাঁরা প্রকৌশলীসহ নির্মাণশ্রমিকদের মারধরের পর কারখানা এলাকা থেকে বের করে দেন বলে অভিযোগ উঠেছে।এই প্রকল্পের কাজ থেকে বিশেষ সুবিধা আদায় করতে ঘোড়াশালের পৌর মেয়র শরীফুল হক এসব প্রভাবশালী ব্যক্তিদের নেপথ্যে থেকে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন বলে অভিযোগ করেন দীপন গ্রুপের পরিচালক সাফকোয়াত মতিন। প্রত্যক্ষদর্শী নির্মাণশ্রমিক ও দীপন গ্রুপের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘোড়াশাল পৌর এলাকার ভূইয়া ঘাট এলাকায় প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াজাতকরণ কারখানা নির্মাণ করছে ওমেরা এলপিজি নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান। তাঁরা দরপত্র আহ্বান করলে পারলিন নামের ফরাসি একটি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পের কাজ পায়। পরবর্তী সময়ে ওই প্রতিষ্ঠানটি দীপন গ্রুপ নামের একটি দেশীয় প্রতিষ্ঠানকে সহকারী ঠিকাদার হিসেবে নিয়োগ দেয়।দীপন গ্রুপ কারখানার পাইলিং, তিনটি ভবন নির্মাণ ও গ্যাসের পাইপলাইন সংযোগের কাজ পায়। কিন্তু কাজটি জোর করে নিতে চান স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি। এর জের ধরেই দীপন গ্রুপের কাজকে বাধাগ্রস্ত করতে শুক্রবার সকালে পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মানিক মিয়া, জেলা জাতীয় পার্টির শিল্পবিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, বিএনপি-সমর্থক নাজমুল হোসেন, দক্ষিণ পলাশ এলাকার আবুল কাশেম, বিল্লাল হোসেনসহ অজ্ঞাত ২৫-৩০ জন লোক নির্মাণশ্রমিকদের কাজ বন্ধ করে চলে যেতে বলেন। এ সময় দীপন গ্রুপের প্রকৌশলী রতন কুমার নাগ, তুহিন খান ও নির্মাণশ্রমিক ঠিকাদার জাকির হোসেন ভূইয়াসহ কর্মরত সবাইকে পিটিয়ে কারখানা এলাকা থেকে বের করে দেওয়া হয়। তাঁরা অফিস কক্ষ, শ্রমিকদের থাকার জায়গা, চেয়ার-টেবিল, জেনারেটরও ভাঙচুর করেন। এখানে কোনো কাজ করতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়। দীপন গ্রুপের পরিচালক সাফকোয়াত মতিন বলেন, ‘দরপত্রের মাধ্যমে ফরাসি প্রতিষ্ঠান পারলিনের কাছ থেকে কাজ করার অনুমতি পেলেও স্থানীয় প্রভাবশালী চক্রটি আমাদের প্রকল্পের কাজ অন্য প্রতিষ্ঠানকে দিতে চায়। স্থানীয় মেয়র ওই প্রভাবশালী চক্রকে নেপথ্যে থেকে উসকে দিচ্ছেন। মারধর, ভাঙচুর ও হুমকির পর থেকে ভয়ে নির্মাণশ্রমিক ও কর্মকর্তারা কাজে যোগ দিতে পারছেন না।’অভিযোগ অস্বীকার করে পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মানিক মিয়া বলেন, ‘এখানে কিছু ওয়ারিশদারের জমি আছে। তাঁরা এ ঘটনা ঘটিয়েছে। এই প্রকল্পে দীপন গ্রুপের সুপারভাইজার হিসেবে সাইফুল ইসলাম নামের একজন কর্মরত ছিলেন। তিনি প্রকাশ্যে নেশা করতেন। তাঁকে সরিয়ে দেওয়ার কথা বলায় আমাকে ষড়যন্ত্রমূলকভাবে এ ঘটনায় জড়ানো হয়েছে।’ঘোড়াশাল পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি শরীফুল হক বলেন, ‘আমার কোনো লোক ওই ঘটনার সঙ্গে জড়িত নন।’ পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ করেননি।