সুবিধা নিতেই জ্যেষ্ঠতা লঙ্ঘন করে প্রধান বিচারপতি নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন অভিযোগ করেছেন, অনৈতিক সুবিধা নিতেই জ্যেষ্ঠতা লঙ্ঘন করে প্রধান বিচারপতি নিয়োগ দিয়েছে সরকার। তিনি বলেন, দুই বিচারপতির জ্যেষ্ঠতা লঙ্ঘন করার পেছনে আর কোনো কারণ থাকতে পারে না।গত বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব এ অভিযোগ করেন।বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেছিলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করা হবে। কিন্তু নিউইয়র্কে প্রধানমন্ত্রী বলেছেন, এ ব্যবস্থা থাকবে। নিজেদের পছন্দের বিচারপতিকে উপদেষ্টা হিসেবে বসানোর সব আয়োজন সম্পন্ন করেই তিনি এ কথা বলেছেন।খোন্দকার দেলোয়ার বলেন, ‘দেশের মানুষকে এত বোকা ভাববেন না। আপনাদের হুমকিতে বিচারপতি কে এম হাসান প্রধান উপদেষ্টার দায়িত্ব নেননি। প্রয়োজনে বিএনপিও আন্দোলন করবে। আমরাও এমন পরিস্থিতি সৃষ্টি করব।’খোন্দকার দেলোয়ার অভিযোগ করেন, ‘জাতীয়তাবাদী শক্তি ক্ষমতায় এলে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে, তা প্রতিবেশী বৃহৎ রাষ্ট্র কখনো চায় না। এ জন্য বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি থেকে বাংলাদেশে আসার ১৩ দিন পর পরিকল্পিতভাবে শহীদ জিয়াকে নির্মমভাবে হত্যা করা হয়।’ তিনি সরকারকে ক্ষমতা থেকে হটাতে জাতীয়তাবাদী ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী সব শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানান।বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, আওয়ামী লীগ কখনো বাহাত্তরের সংবিধানে ফিরে যেতে পারবে না। কারণ বাকশাল গঠন করে তারাই বাহাত্তরের সংবিধানকে কেটে-ছিঁড়ে ফেলেছে।ওলামা দলের সভাপতি আবদুল মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির চেয়াপারসনের উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নান, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন, বিএনপির অর্থবিষয়ক সম্পাদক আবদুস সালাম, ধর্মবিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ বক্তব্য দেন।