সুবিধা নেই তবু তাঁরা নগরের বাসিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল সিটি করপোরেশনের নগর ভবন থেকে রসুলপুরের দূরত্ব মাত্র ৩০০ গজ। কীর্তনখোলা নদীর তীরে গড়ে ওঠা এই জনপদের সাধারণ নাগরিকেরা নগরের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। কিন্তু তাঁরা সব ধরনের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত।
নাগরিক সুবিধা নিশ্চিত করাসহ ১০ দফা দাবিতে ওই এলাকার বাসিন্দারা গতকাল বৃহস্পতিবার মানববন্ধন করেছেন এবং সিটি করপোরেশন ও বিদ্যুৎ বিভাগে স্মারকলিপি দিয়েছেন।
গতকাল বেলা ১১টায় নগরের অশ্বিনীকুমার হলের সামনের সড়কে রসুলপুর নাগরিক অধিকার সংগ্রাম কমিটির নামে ওই কর্মসূচি পালিত হয়।
রসুলপুর এলাকার বাসিন্দা জহুরা বেগমের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, বরিশাল সিটি করপোরেশন কার্যালয় থেকে মাত্র ৩০০ গজ দূরে রসুলপুর। অথচ এখানকার নাগরিকেরা সব ধরনের সুবিধা থেকে বঞ্চিত। কীর্তনখোলা নদীর জলোচ্ছ্বাসে প্রতিবছর এলাকা প্লাবিত হলেও কোনো রক্ষা বাঁধ নির্মাণ করা হয়নি। নেই নালা ও পয়োনিষ্কাশনের ব্যবস্থা। মাদকের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী। নাগরিকেরা মানবেতর জীবন যাপন করছেন। এ সময় বক্তারা রসুলপুরের বাসিন্দারের উত্থাপিত দাবিগুলো পূরণে সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
জহুরা বেগম বলেন, ‘আমরা নাগরিক সিটি করপোরেশনের। ভোট দিলেও বছরের পর বছর ধরে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। বহুবার করপোরেশনে দাবি করেও কোনো ফল পাইনি। এখন দাবি আদায়ে রাস্তায় নামতে বাধ্য হচ্ছি।’
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বরিশাল জেলার সভাপতি এ কে আজাদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) জেলা সংগঠক মনিষা চক্রবর্তী, চারণ সাংস্কৃতিক সংসদের এইচ এম ইমন, রসুলপুরের বাসিন্দা হাওয়া নূর বেগম, মতিউর রহমান প্রমুখ।
মানববন্ধন শেষে অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রত্যাহার, কীর্তনখোলা নদীর জলোচ্ছ্বাস থেকে রক্ষা পেতে বেড়িবাঁধ নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থা, পয়োনিষ্কাশন, মাদক নির্মূলসহ ১০ দফা দাবি-সংবলিত একটি স্মারকলিপি নিয়ে এলাকাবাসী সিটি করপোরেশনে যান। সিটি মেয়র না থাকায় শুধু অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রত্যাহরের দাবিতে একটি স্মরিকলিপি বিদ্যুৎ বিভাগে দেন তাঁরা।
আন্দোলনের সংগঠক এ কে আজাদ বলেন, রসুলপুর একসময় চর থাকলেও এখন সিটি করপোরেশনভুক্ত এলাকা। এখানে ভূমিহীন সাধারণ মানুষের সংখ্যা বেশি। অথচ তাঁদের সাধারণ দাবিগুলো পূরণ হচ্ছে না। এ ব্যাপারে জেলা প্রশাসনের কাছে ভূমি বন্দোবস্তের জন্যও আবেদন করা হয়েছে।