জব্দ করা তেলের চালানে কী পরিমাণ কোকেন রয়েছে, তা বের করার প্রযুক্তি দেশে থাকলেও গত তিন মাসে এটি করা হয়নি। অথচ আইন অনুযায়ী মাদক মামলায় আসামির কী সাজা হবে, তা অনেকাংশে মাদকের পরিমাণের ওপর নির্ভর করে। আইনজীবীরা বলছেন, কোকেনের পরিমাপ নির্ধারণ করা হলে সুবিধা পাবেন আসামিরা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী, হেরোইন, কোকেন ও কোকা থেকে উদ্ভূত মাদকদ্রব্য ২৫ গ্রামের নিচে হলে সর্বোচ্চ ১০ বছর এবং সর্বনিম্ন দুই বছর সাজার বিধান রয়েছে। আর ২৫ গ্রামের বেশি হলে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে। কোকেনের পরিমান নির্ধারণ না হওয়ায় সুযোগটি আসামিরা নিতে পারেন বলে মনে করেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক।
তেল থেকে কোকেন আলাদা করে তা পরিমাপ করার প্রযুক্তি দেশেই রয়েছে বলে জানান পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান রাসায়নিক পরীক্ষক দিলীপ কুমার সারা। মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, সিআইডির রাসায়নিক পরীক্ষাগারেও কোকেনের পরিমাণ নির্ধারণ করার প্রযুক্তি রয়েছে। তবে কাজটি বেশ সময়সাপেক্ষ। একই কথা বলেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কেন্দ্রীয় রাসায়নিক পরীক্ষাগারের প্রধান পরীক্ষক (চলতি দায়িত্ব) দুলাল কৃষ্ণ সাহা।
>চট্টগ্রাম বন্দরে তেলের চালানে কোকেন: জব্দ করা কোকেনের পরিমাণ তিন মাসেও নির্ধারণ করা হয়নি
এদিকে চালানটি দেশে পাঠানোর ঘটনায় সন্দেহভাজন তিন ব্যক্তির (লন্ডনপ্রবাসী দুই বাংলাদেশি ও লন্ডনে থাকা এক ভারতীয় নাগরিক) বিষয়ে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহায়তা চাওয়া হলেও সেখান থেকে কাঙ্ক্ষিত তথ্য মেলেনি। উল্টো তিনজনের আঙুলের ছাপ, জন্মতারিখ এবং পুরো জীবনবৃত্তান্ত চেয়েছে সংস্থাটি। এ অবস্থায় মামলার তদন্ত চলছে ধীরগতিতে।
গত ৬ জুন পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে কোকেন সন্দেহে চট্টগ্রাম বন্দরে সূর্যমুখী তেলের চালান জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ২৭ জুন তেলের চালানের ১০৭টি ড্রামের মধ্যে একটি ড্রামের নমুনায় কোকেন শনাক্ত হয়। প্রতিটি ড্রামে ১৮৫ কেজি করে সূর্যমুখী তেল রয়েছে। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাসায়নিক পরীক্ষাগারসহ চারটি পরীক্ষাগারে তেলের চালানের দুটি ড্রামের (৯৬ ও ৫৯ নম্বর) নমুনায় কোকেন শনাক্ত হয়। এ ঘটনায় বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগে মামলা করে পুলিশ। মামলায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা কারাগারে আছেন। তবে মামলার এজাহারভুক্ত আসামি ব্যবসায়িক প্রতিষ্ঠান খান জাহান আলী লিমিটেডের মালিক নুর মোহাম্মদকে গ্রেপ্তার করা যায়নি। ওই প্রতিষ্ঠানের নামে চালানটি আমদানি করা হয়।
কোকেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. কামরুজ্জামান বলেন, এ পর্যন্ত গ্রেপ্তার ছয়জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আসামিদের জিজ্ঞাসাবাদে ও জবানবন্দিতে উঠে এসেছে, বাংলাদেশি বংশোদ্ভূত লন্ডনপ্রবাসী ফজলু মিয়া ও বকুল মিয়া এবং ভারতীয় নাগরিক মো. রাজু চালানটি চট্টগ্রাম বন্দরে পাঠান। তাঁরা চালানটি খালাসের জন্য ই-মেইলে ও ফোনে আসামি গোলাম মোস্তফা, মেহেদি আলম ও মোস্তফা কামালের সঙ্গে যোগাযোগ করেন।
গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. কামরুজ্জামান বলেন, ফজলু মিয়া, বকুল মিয়া ও মো. রাজুর বিষয়ে তথ্য জানতে গত ২৭ আগস্ট পুলিশ সদর দপ্তরের মাধ্যমে ইন্টারপোলের সহায়তা চাওয়া হয়। কিন্তু ২২ সেপ্টেম্বর ইন্টারপোল থেকে জানানো হয়, ফজলু মিয়া, বকুল মিয়া ও মো. রাজুর আঙুলের ছাপ, জন্মতারিখ এবং পুরো জীবনবৃত্তান্ত দিতে হবে। এরপর তারা তাঁদের সম্পর্কে তথ্য দিতে পারবে।
এ বিষয়ে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য্য প্রথম আলোকে বলেন, তদন্তের জন্য ওই তিনজন সম্পর্কে তথ্য জানা জরুরি।
কোকেনের পরিমান নির্ধারণের জন্য কেন আদালতের অনুমতি নেওয়া হয়নি, তা জানতে চাইলে তদন্তকারী কর্মকর্তা বলেন, সরকারি কৌঁসুলির সঙ্গে আলাপ করে শিগগিরই এ বিষয়ে আদালতে আবেদন করা হবে। আদালত যে সংস্থাকে নির্দেশ দেবেন, সেখানে কোকেন শনাক্ত হওয়া তেলের ড্রাম দুটি পাঠানো হবে।
জানতে চাইলে চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, কোকেনের পরিমাণ নির্ধারণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তদন্ত কর্মকর্তাকে বলা হয়েছে।
আরও পড়ুন: