সুবিধা পেয়ে আন্দোলন থেকে পিছু হটছেন শিক্ষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি ক্রমেই স্বাভাবিক হয়ে আসছে। প্রক্টরিয়াল বডি ও চারটি হলে প্রভোস্ট-হাউস টিউটর পদে আন্দোলনরত শিক্ষকদের দায়িত্ব দিয়ে উপাচার্য নিজ কার্যালয়ে বসে গত মঙ্গলবার থেকে দাপ্তরিক কার্যক্রম করছেন।সুবিধা পেয়ে আন্দোলন থেকে পিছু হটছেন সরকার-সমর্থক শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদ ও শিক্ষক সমিতির কতিপয় নেতা। উপাচার্যের অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে অভিযোগ এনে হঠাৎ করেই পদ পেয়ে আন্দোলন মন্থর করছেন শিক্ষক নেতারা। তবে তাঁরা বলছেন, তাঁদের দাবির অধিকাংশই পূরণ হওয়ায় কঠোর আন্দোলন করছেন না।গতকাল বুধবারও বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের ক্লাস ও পরীক্ষা হয়নি।প্রশাসনিক ভবনের একাধিক কর্মকর্তা জানান, মঙ্গলবার বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে প্রক্টর, সহকারী প্রক্টর, প্রভোস্ট ও হাউস টিউটর পদে আন্দোলনরত ১৯ শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়। এতে প্রক্টর পদে নিয়োগ পেয়েছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এ কে এম রায়হান উদ্দিন। সহকারী প্রক্টর পদে নিয়োগ পেয়েছেন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইনুল হক, সাংগঠনিক সম্পাদক এন এম রবিউল আউয়াল চৌধুরী, সদস্য কাজী ওমর সিদ্দিকী, সদ্য পদত্যাগ করা সহকারী প্রক্টর মোহাম্মদ জুলহাস মিয়া ও অর্থনীতি বিভাগের শিক্ষক স্বপন চন্দ্র মজুমদার। এর আগে ২০১২ সালের ২১ নভেম্বর উপাচার্যের বিরুদ্ধে ‘একনায়কতন্ত্র ও মতামত গ্রহণ না করার’ অভিযোগ এনে সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ আইনুল হক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট পদে দায়িত্ব পেয়েছেন বঙ্গবন্ধু পরিষদের কোষাধ্যক্ষ মো. তোফায়েল হোসেন মজুমদার। ওই হলে হাউস টিউটরের দায়িত্ব পেয়েছেন ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. সাহেদুর রহমান ও হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ মিজানুর রহমান। মো. তোফায়েল হোসেন মজুমদার ২০১২ সালের ২১ নভেম্বর সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেন। নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী ছাত্রী হলের প্রভোস্ট পদে দায়িত্ব পেয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বদরুন্নাহার। হাউস টিউটর পদে দায়িত্ব পেয়েছেন রসায়ন বিভাগের প্রভাষক মো. আবদুল মাজেদ পাটোয়ারী, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের প্রভাষক মো. সাইফুর রহমান। ওই ছাত্রী হলের প্রভোস্ট ও প্রগতিশীল শিক্ষক জোটের উপদেষ্টা মো. আবু তাহের পদত্যাগ করলে বদরুন্নাহারকে দায়িত্ব দেওয়া হয়। শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে প্রভোস্ট পদে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এ কে এম রায়হান উদ্দিন। হাউস টিউটর পদে পরিসংখ্যান বিভাগের প্রভাষক জে এম আদিব সালমান চৌধুরী, মার্কেটিং বিভাগের প্রভাষক মো. জিল্লুর রহমান সিদ্দিকী, নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আবদুর রহমান, মার্কেটিং বিভাগের প্রভাষক মো. মঈনুল হাছান। কাজী নজরুল ইসলাম হলের হাউস টিউটর পদে গণিত বিভাগের প্রভাষক জিল্লুর রহমান ও লোকপ্রশাসন বিভাগের প্রভাষক মো. জিয়া উদ্দিন দায়িত্ব পেয়েছেন। এর আগে শিক্ষক সমিতির সভাপতি ও ব্যবস্থাপনা বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মুহম্মদ আহসান উল্যাহকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি ও নিয়োগ দেওয়ার জন্য গত ২০ জুলাই সিলেকশন বোর্ড হয়। তিনিও শিগগিরই সহযোগী অধ্যাপক হচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক সাধারণ ও প্রগতিশীল শিক্ষক জোটের একাধিক নেতা প্রথম আলোর কাছে দাবি করেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নানা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে বঙ্গবন্ধু পরিষদ ও শিক্ষক সমিতির নেতারা ওই পদগুলো বাগিয়ে নেন। সুবিধা আদায়ের জন্যই সংগঠন দুটি গত ৯ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম অচল করে রাখে। এভাবে দাবি আদায় না করে শুরুতেই পদগুলো দিয়ে দিলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হতো না। উপাচার্যের অনিয়ম নয়, পদ পাওয়ার জন্যই এ আন্দোলন। মোহাম্মদ আইনুল হক বলেন, ‘উপাচার্য মহোদয় বঙ্গবন্ধু পরিষদের ১৩ দফা দাবির বেশ কয়েকটিই পূরণ করেছেন। তাই আমরা কঠোর আন্দোলন করছি না।’ গত ৯ জুলাই থেকে প্রথমে বঙ্গবন্ধু পরিষদ উপাচার্যের বিরুদ্ধে নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগসহ ১৩ দফা দাবি নিয়ে মাঠে নামে।