সুবিধা বাড়েনি, 'মর্যাদা' বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলাচলের রাস্তা বলতে আটটি নড়বড়ে বাঁশের সাঁকো। রাতে কুপি ও হারিকেনের আলোই ভরসা। নাগরিক সুবিধা যা-ই থাকুক না কেন করপোরেশনকে কর দিতে হয় নিয়মিত। তাঁরা যে শহরের (সিটি) বাসিন্দা। এই চিত্র বরিশাল সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের তাজকাঠি গ্রামের।
বরিশাল পৌরসভাকে ২০০২ সালে সিটি করপোরেশনে উন্নীত করা হয়। ওই সময় সদর উপজেলার ৬ নম্বর জাগুয়া ইউনিয়নের কয়েকটি গ্রামের সঙ্গে তাজকাঠিও করপোরেশনের অন্তর্ভুক্ত হয়। কিন্তু ১২ বছর ধরে নিজেদের ‘শহরের মানুষ’ হিসেবে পরিচয় দেওয়া ছাড়া আর কোনো সুবিধা পাননি বলে দাবি করেছেন তাজকাঠি গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাঁদের বক্তব্য, ‘আমাদের ‘‘মর্যাদা’’ বেড়েছে, সুবিধা বাড়েনি।’
গ্রামের আবদুস ছত্তার হাওলাদার জানান, ১৭ বছর আগে তিনি বাড়ি করেছেন। করপোরেশন হওয়ার পর ভেবেছিলেন রাস্তা হবে, সুযোগ-সুবিধা বাড়বে। কিন্তু এত বছর পরও গ্রামের ভেতরে চলাচলের রাস্তা না হওয়ায় হতাশ তিনি।
একই গ্রামের মো. আবদুল জব্বার ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কোনো সুযোগ-সুবিধা নাই আমাদের। দুই মাস আগে রাতের বেলা হঠাৎ বোন অসুস্থ হয়ে পড়ে। তাঁকে হাসপাতালে নিতে চরম দুর্ভোগে পড়ি। শেষ পর্যন্ত বোনকে বাঁচানো যায়নি। দীর্ঘদিন সড়ক নির্মাণের দাবি করলেও কাজ হয়নি।’
এই গ্রামের রাশিদা বেগম ‘শহরের’ বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমাদের নাগরিক সুবিধা গ্রামের চেয়েও খারাপ। রাস্তা না থাকায় বর্ষার সময় কলেজে যেতে পারি না। বিদ্যুৎ নেই, কুপি বাতিতে পড়তে হয়।’
এ বিষয়ে বরিশাল নগর সৌন্দর্য রক্ষা কমিটির সদস্য সচিব কাজী এনায়েত হোসেন প্রথম আলোকে বলেন, ‘লোক দেখানো উন্নয়নেই করপোরেশনের আগ্রহ বেশি। নগরের প্রাণকেন্দ্রে সৌন্দর্যবর্ধনের নামে অপ্রয়োজনীয়ভাবে সড়ক ও ফুটপাথে ডাস্টবিন নির্মাণ করা হয়। অথচ অনেক এলাকায় যাতায়াতের রাস্তা পর্যন্ত নেই। ডাস্টবিন নির্মাণকাজ বন্ধ করে ওই অর্থ দিয়ে অবহেলিত অঞ্চলে মাটির রাস্তা নির্মাণ করলেও সেখানকার মানুষের উপকার হবে।’
সরেজমিনে দেখা গেছে, তাজকাঠি গ্রামের লোকজনের এ বাড়ি থেকে ও বাড়িতে যাওয়ার একমাত্র ব্যবস্থা বাঁশের সাঁকো। পাকা রাস্তা নেই। পানি সরবরাহের ব্যবস্থা নেই। গ্রামের অধিকাংশ ঘরে এখনো বিদ্যুৎ সংযোগ পৌঁছায়নি। প্রায় এক হাজার ভোটারসহ গ্রামের লোকজন সব ধরনের নাগরিক সুবিধা থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত হচ্ছেন।
গ্রামের হাওলাদার বাড়ির অষ্টম শ্রেণি পড়ুয়া তানিয়া আক্তার বলে, বর্ষার সময় বাড়ি থেকে বের হলেই পানি ভেঙে চলতে হয়। এ কারণে নিয়মিত স্কুলে যেতে পারি না।
মানুষের দুর্ভোগের কথা স্বীকার করে ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. রেজাউল চৌধুরী প্রথম আলোকে বলেন, সবচেয়ে অবহেলিত অঞ্চল তাজকাঠি। সড়ক, পানি, বিদ্যুৎ কিছুই নেই। অবহেলিত এসব এলাকায় বাড়তি নজর দিতে মেয়রকে বারবার অনুরোধ জানিয়েছি। কয়েকটি সড়কের দরপত্র আহ্বান করা হয়েছে।
বরিশাল সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব কামাল দেশের বাইরে থাকায় এ বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া যায়নি।
তবে ভারপ্রাপ্ত মেয়র কে এম শহীদুল্লাহ প্রথম আলোকে বলেন, বর্তমানে করপোরেশনের উন্নয়ন বাজেটের ৭৫ ভাগ অবহেলিত ও বর্ধিত (নতুন করে অন্তর্ভুক্ত হওয়া) এলাকার জন্য রাখা হয়েছে। বিভিন্ন এলাকায় নতুন করে বসতি গড়ে উঠছে। প্রয়োজনীয় অর্থের সংস্থান না থাকায় ওই সব এলাকায় দ্রুত উন্নয়নকাজ করা সম্ভব হচ্ছে না।