আগে সাংবাদিকতা পেশায় সুযোগ-সুবিধা কম থাকলেও বস্তুনিষ্ঠতা ছিল। কিন্তু এখন সুযোগ-সুবিধা বেড়েছে, বস্তুনিষ্ঠতা কমেছে। প্রয়াত সাংবাদিক বজলুর রহমানের জীবন থেকে শিক্ষা নিয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্ব দিতে হবে।
গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে ‘সম্পাদক বজলুর রহমান স্মারক বক্তৃতা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক এসব কথা বলেন। বজলুর রহমানের ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং বজলুর রহমান ফাউন্ডেশন যৌথভাবে এই বক্তৃতার আয়োজন করে।
বজলুর রহমান ১৯৪১ সালের ৩ আগস্ট ময়মনসিংহে জন্মগ্রহণ করেন এবং ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগ পর্যন্ত সংবাদ পত্রিকার সম্পাদক ছিলেন। উপাচার্য আরেফিন সিদ্দিক তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি একজন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা ও নিরহংকারী, নির্লোভ ব্যক্তি ছিলেন। অজ্ঞতা, অন্যায় ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তিনি সংগ্রাম করে গেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর তাঁর অন্য পেশায় যাওয়ার সুযোগ ছিল। কিন্তু বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা ও সাধারণ মানুষের সমস্যা সমাধানের লক্ষ্যে তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেন।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ‘মিডিয়ায় প্রযুক্তি ও পুঁজির ছায়া: অংশীদারত্ব, পেশাদারত্ব ও প্রতিষ্ঠান’ শীর্ষক স্মারক বক্তৃতা দেন বিভাগের অধ্যাপক শেখ আবদুস সালাম। তিনি বলেন, গত দুই যুগ কিংবা তার সামান্য কিছু বেশি সময় ধরে বাংলাদেশের মিডিয়া এক নতুন চ্যালেঞ্জ গ্রহণ করে এগিয়ে যাচ্ছে। তথ্যপ্রযুক্তি এই চ্যালেঞ্জকে একদিকে দিন দিন আকর্ষণীয়, অন্যদিকে আরও চ্যালেঞ্জিং করে তুলছে।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও বজলুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ এবং সংবাদ-এর ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন বক্তব্য দেন।