সুবিধা হারানোর পথে ১৫ হাজার শ্রমিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর জলঢাকা ও কিশোরগঞ্জ উপজেলার ১৯টি ইউনিয়নের অতিদরিদ্রদের জন্য সরকারের কর্মসৃজন কর্মসূচি গতকাল শুক্রবার পর্যন্ত চালু হয়নি। এতে কর্মসূচির প্রায় সাড়ে ১৫ হাজার শ্রমিক তাঁদের সুবিধা থেকে বঞ্চিত হতে চলেছেন। অন্যদিকে, দেরিতে শুরু হওয়ায় অন্যান্য উপজেলার শ্রমিকেরা সরকারের দেওয়া ৪০ দিনের কাজ থেকে বঞ্চিত হবেন বলে আশঙ্কা করা হচ্ছে।জলঢাকা উপজেলায় এই কর্মসূচির আওতায় কাজ পাবেন নয় হাজার ৬৭৯ জন ও কিশোরগঞ্জে পাঁচ হাজার ৫১৫ জন। উপজেলা প্রশাসন সূত্র জানায়, সময়সূচি বাড়ানোর জন্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। সময় বাড়ানো না হলে জেলার কোনো উপজেলায় শ্রমিকেরা তাঁদের ৪০ দিনের কাজ করতে পারবেন না। এতে ক্ষতিগ্রস্ত হবেন এই কর্মসূচির আওতায় থাকা শ্রমিকেরা।সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, দলীয় কোন্দলের কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে। জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু সাঈদ অভিযোগ করেন, সরকারি বিধিমতে স্থানীয় কমিটি নয় সদস্যবিশিষ্ট হওয়ার কথা। কিন্তু এখানে ১৫ সদস্যের কমিটি করা হয়েছে। এ উপজেলার সাংসদ জাতীয় পার্টির, উপজেলা চেয়ারম্যান জামায়াতের এবং ভাইস চেয়ারম্যান জাসদের। তাঁদের প্রত্যেকের মনোনীত প্রতিনিধি নেওয়ার কারণে সদস্যসংখ্যা বাড়াতে হয়েছে।আবু সাঈদ আরও অভিযোগ করেন, এখানে জামায়াতের দেওয়া প্রতিনিধিরা বেশি সমস্যার সৃষ্টি করছেন। তালিকা প্রণয়নে তাঁদের যে পরিমাণ লোক নেওয়া হচ্ছে, তাতে তাঁরা সন্তুষ্ট নন। তাই তাঁরা তালিকায় স্বাক্ষর করছেন না এবং তালিকা দেওয়াও যাচ্ছে না।জামায়াতের নেতা জলঢাকা উপজেলা চেয়ারম্যান সৈয়দ আলী ইউপি চেয়ারম্যানদের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমাদের লোকজন একটাও নিচ্ছে না। সমস্যাটা হচ্ছে জাপা ও আওয়ামী লীগের মধ্যে।’জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ হোসেন বলেন, ‘অনেক জনপ্রতিনিধি শ্রমিক বাছাইয়ের সময় টাকা লেনদেন করেছেন—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা প্রস্তাব দিয়েছি, গ্রামে ঘুরে ঘুরে প্রকৃত দরিদ্রদের নাম তালিকাভুক্ত করা হোক। তাহলে টাকা লেনদেনের সুযোগ থাকবে না।’জলঢাকার ইউএনও শহিদুল ইসলাম ভূঞা বলেন, পরিপত্রে স্থানীয় কমিটিতে ন্যূনতম নয় সদস্যের কথা বলা আছে। অর্থাৎ সদস্য বেশি হলেও সমস্যা নেই। তবে ১৫ সদস্যের কমিটি করে তাত্ক্ষণিক সমস্যার সমাধান হয়েছে, বাস্তবে কোনো সমাধান হয়নি।গত বছর ৬০ দিনের কর্মসূচিতে যে পরিমাণ শ্রমিক কাজ করেছেন, তার চেয়ে ১২ শতাংশ শ্রমিক এবার কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। গত ১০ মার্চ থেকে শুরু হয়ে এই কর্মসূচি ২০ এপ্রিল অর্থাৎ ৪০ দিনের মধ্যে শেষ করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। কিন্তু গতকাল পর্যন্ত জলঢাকা ও কিশোরগঞ্জ উপজেলার ১৯টি এবং নীলফামারী সদরের একটি ইউনিয়নে এ কাজ শুরু হয়নি। তবে নীলফামারী সদরের ইউএনও ওই ইউনিয়নের কাজ শনিবার (আজ) থেকে শুরু করা হবে বলে জানিয়েছেন।কিশোরগঞ্জ উপজেলার নয়টি ইউনিয়নের মধ্যে একমাত্র নিতাই ইউনিয়নে পাঁচ দিন আগে কর্মসৃজন কর্মসূচির কাজ শুরু হয়েছে। এ উপজেলায় কাজের দাবিতে ও লোক নিয়োগে দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে সমপ্রতি উপজেলা কার্যালয়ের সামনে বিক্ষোভ-সমাবেশও হয়েছে।