সুবিধাবঞ্চিত চার হাজার শিশুর জন্মদিন একসঙ্গে উদ্যাপন
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় গতকাল মঙ্গলবার হতদরিদ্র, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত প্রায় চার হাজার শিশুর জন্মদিন একসঙ্গে উদ্যাপন করা হয়েছে। কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও উপহার বিতরণের মধ্য দিয়ে দিনভর আনন্দে মেতে ছিল শিশুরা।
স্বেচ্ছাসেবী সংগঠন আগৈলঝাড়া এডিপি ওয়ার্ল্ড ভিশনের ব্যবস্থাপনায় এবং আস্কর একতা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে সমিতির কার্যালয়সংলগ্ন মাঠে ব্যতিক্রমী এ অনুষ্ঠান হয়। সকাল থেকেই অভিভাবকদের সঙ্গে উৎসবস্থলে আসতে শুরু করে শিশুরা। বেলা ১১টার দিকে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। শিশু ও তাদের অভিভাবকেরা গান, নৃত্য, আবৃত্তিসহ নানা বিনোদনমূলক বিষয় উপস্থাপন করে। অনুষ্ঠান শেষে শিশুদের ফুলেল শুভেচ্ছা ও উপহার হিসেবে একটি করে ছাতা দেওয়া হয়।
প্রতিবন্ধী শিশু ঝুমুর (১৩) বলে, ‘আমি গান করেছি। খুব ভালো লাগছে, আনন্দ পাইছি। উপহার পাইছি।’ একই কথা জানায় নীলিমা (১২), নিপু বাড়ৈসহ (১৭) আরও অনেকে। অভিভাবক রতন মণ্ডল ও অরুণ সরকার বলেন, ‘এই উৎসবে মোরা খুবই খুশি। মোরা দরিদ্র। মোগো পোলাপানের জন্মদিন অনুষ্ঠান করার শখ থাকলেও সাধ্য নাই।’
আগৈলঝাড়া এডিপি ওয়ার্ল্ড ভিশনের ব্যবস্থাপক বেকি ত্রিপুরা বলেন, ‘এসব শিশুর ভিন্ন ভিন্ন দিনে জন্ম হয়েছে। অসচেতন মা-বাবা যাতে সন্তানের জন্মদিন সম্পর্কে সচেতন হন এবং জন্মনিবন্ধন করতে উৎসাহিত হন, সেই লক্ষ্যেই একত্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।’