সুবিধাবঞ্চিত জনপদে মাদকের কারবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়ন দুটি ভারতীয় সীমান্তঘেঁষা। পদ্মা নদী জনপদটিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। ৫০ হাজারের বেশি মানুষের বাস সেখানে। যন্ত্রচালিত যান নেই, নেই বিদ্যুৎও। হাসপাতাল, চিকিৎসক—তাও নেই। শিক্ষাব্যবস্থাতেও দৈন্যের ছাপ। গ্রীষেঞ্চ ধু ধু বালুচর পায়ে হেঁটে পাড়ি দিতে হয়। আর বর্ষায় ভরসা নৌকা। শিক্ষা ও স্বাস্থ্যসেবা বঞ্চিত এ জনপদের অনেক মানুষ চোরাকারবারি ও মাদক ব্যবসার সঙ্গে যুক্ত।চোরাচালান: দৌলতপুর উপজেলায় ভারতীয় সীমান্ত রয়েছে ৪৭ কিলোমিটার। এর মধ্যে ২০ দশমিক পাঁচ কিলোমিটার অরক্ষিত (কাঁটাতারের বেড়া নেই)। ধর্মদহে দেড় কিলোমিটার, ঠোটারপাড়ায় দুই, রামকৃষ্ণপুরে ১০ ও চিলমারীতে সাত কিলোমিটার এলাকায় কাঁটাতারের কোনো বেড়া নেই। অরক্ষিত এ সীমান্ত দিয়ে প্রতিদিনই অবাধে ঢুকে পড়ছে নেশাজাতীয় দ্রব্য। এর মধ্যে গাঁজা ও ফেনসিডিল অন্যতম।খোঁজ নিয়ে জানা যায়, এসব কাজে পুরুষের পাশাপাশি শিশু ও নারীদের ব্যবহার করা হয়। মাদক ব্যবসায়ীরা পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে যোগাযোগ করতে ভারতীয় মুঠোফোনের সিম ব্যবহার করেন। ফলে কম খরচে ও স্বল্পসময়ে সহজেই তথ্য আদান-প্রদান করতে পারে তারা। ভরা বর্ষায় ফেনসিডিলের ব্যবসা বেশি হয়।নাম প্রকাশ না করার শর্তে চিলমারীর এক কৃষক জানান, মাদক ব্যবসায়ীরা প্রতিদিনই প্রথমে সাইকেল, পরে নৌকায় করে ফেনসিডিল ও গাঁজা পরিবহন করেন। এখানকার বেশির ভাগ মানুষই এ পেশার সঙ্গে জড়িত। রাতে এসব পাচার হয়।এক মাদক ব্যবসায়ী বলেন, ভরা বর্ষায় চারপাশে পানি থাকায় অনেক নৌকা চলে। নৌকার তলায় আলাদা করে বক্স করা থাকে। সেখানে ফেনসিডিল নিয়ে পদ্মা নদী হয়ে ফরিদপুর ও মাদারীপুর জেলায় চলে যায়। সেখান থেকে রাজধানী। আর এ জন্য তিনটা দলে বিভক্ত হয়ে কাজ করে তারা। একদল নৌকায়, আরেকটি লাইন দেখাশোনা করে। শেষ দলটি যেখানে পৌঁছাবে সেখানে অবস্থান নেয়।শিক্ষাব্যবস্থা: রামকৃষ্ণপুরে বেশির ভাগ প্রাথমিক বিদ্যালয় চলছে দুই থেকে তিনজন শিক্ষক দিয়ে। এ কারণে বিদ্যালয়গুলোয় পাঠদান ব্যাহত হচ্ছে। আর প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে অনেকে ঝরে পড়ে। এ ইউনিয়নে সরকারি-বেসরকারি মিলিয়ে পাঁচটি এবং চিলমারীতে ১৩টি প্রাথমিক বিদ্যালয় আছে। মাধ্যমিক পর্যায়ের একটি শিক্ষাপ্রতিষ্ঠান আছে রামকৃষ্ণপুরে। তবে সেটি নদীর অন্য পারে। তাই ইউনিয়নের শিক্ষার্থীরা বেশ কষ্ট করে পড়াশোনা করতে হয়।স্বাস্থ্যসেবা: চরাঞ্চল সবচেয়ে বড় সমস্যা চিকিৎসার। এখানে কোনো স্বাস্থ্যকেন্দ্র নেই। রামকৃষ্ণপুর ইউনিয়নে একটি কমিউনিটি ক্লিনিক থাকলেও সেখানে কোনো চিকিৎসক নেই। মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিতে হলে খাটিয়ায় বা মহিষের গাড়িতে করে ১০ কিলোমিটার বালুচর পাড়ি দিয়ে যেতে হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে প্রায় তিন ঘণ্টা লাগে। সদর হাসপাতাল বা রাজশাহীতে যেতে পুরো দিনই পার হয়ে যায়। চরপাড়া এলাকার সাদেক সর্দার বলেন, ‘আমরা বাংলাদেশের নাগরিক, এটা মনেই হয় না। একটা মেয়ির সন্তান হবে, তাকে মহিষের গাড়িত করি লিতে হয়। অনেক সুমায় মরিও যায়।’সংশ্লিষ্ট ব্যক্তিরা যা বলেন: দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সালেহ আহমেদ বলেন, চরাঞ্চল হওয়ায় এ দুই ইউনিয়নে স্বাস্থ্যসেবার অবস্থা তেমন ভালো না। রামকৃষ্ণপুরে একটি কমিউনিটি ক্লিনিক আছে। চিলমারীতে কমিউনিটি ক্লিনিকের জন্য জায়গা খোঁজা হচ্ছে।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, ‘চরাঞ্চলে কঠোর নজরদারি করা হচ্ছে। কোনো শিক্ষক স্কুলে না গেলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্কুলে শিক্ষক-সংকট নিরসনের চেষ্টা চলছে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কুমার মণ্ডল বলেন, ‘চিলমারীতে একটি স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ করা হবে। সবার সঙ্গে আলাপ করে সীমান্তবাসীদের জন্য চর এলাকায় একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে।’৩২ বিজিবি কর্মকর্তা মেজর আরমান আলী বলেন, একটা বিওপি থেকে আরেকটা বিওপির দূরত্ব বেশি। জনবল ও বিওপির সংখ্যাও কম। এ জন্য শতভাগ পাচার ঠেকানো সম্ভব হয় না। এখন পানি পথে বেশি মাদকদ্রব্য পাচারের চেষ্টা চালায়। সেদিকে কঠোর নজর রাখা হচ্ছে।