সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে মাসব্যাপী কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অক্টোবর সেবা মাস উপলক্ষে লায়ন্স ক্লাব মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে দুস্থদের মধ্যে খাবার বিতরণ, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিনা মূল্যে চক্ষু চিকিৎসা শিবির, বৃক্ষরোপণ, খতনা ক্যাম্প, রক্তের গ্রুপ নির্ণয় ও রক্ত সংগ্রহ।
গতকাল শুক্রবার বিকেলে অক্টোবর সেবা মাস উপলক্ষে চট্টগ্রাম প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। লায়ন্স জেলা ৩১৫ বি-৪ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। লায়ন্স জেলা গভর্নর শাহ আলম এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন। এতে বলা হয়, লায়ন্স সদস্যরা সরকারের সহযোগী হিসেবে দুস্থ মানবতার সেবায় এবং সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
জেলা গভর্নর শাহ আলম বলেন, সারা বছর লায়ন্স ক্লাব বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করেছে। চট্টগ্রামে দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করছেন লায়ন্স ক্লাবের দুই হাজারেরও বেশি সদস্য।
সেবা মাসের কর্মসূচির মধ্যে ডায়াবেটিক সচেতনতা কার্যক্রম, প্রকৃতি ও পরিচ্ছন্নতা শীর্ষক সেমিনার, সাদাছড়ি দিবসে সাদাছড়ি বিতরণ ও আলোচনা, অটিস্টিক শিশুদের নিয়ে সাংস্কৃতিক কার্যক্রম, মাছের পোনা অবমুক্তকরণ, বস্ত্র-সেলাই মেশিন-হুইলচেয়ার ও শিক্ষাসামগ্রী বিতরণ অন্যতম। প্রতিদিন চট্টগ্রামে জেলা ৩১৫ বি-৪-এর আওতাধীন শতাধিক ক্লাব এসব কার্যক্রম পরিচালনা করবে।
অক্টোবর সেবা মাস উপলক্ষে আজ শনিবার বিকেলে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম থেকে শোভাযাত্রা বের করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে লায়ন জামাল উদ্দিন, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন মনজুর আলম, সাবেক জেলা গভর্নর লায়ন এস এম ইসহাক, লায়ন এস এম শামসুদ্দিন, লায়ন ওসমান গনি চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।