সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা পেল সম্মান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারও বাবা দিনমজুর, কারও মা পরের বাড়িতে ঝি হিসেবে কাজ করছেন। কারও বাবা ঠেলাগাড়ি চালিয়ে সংসার চালাচ্ছেন। এ রকম শ্রমজীবী বাবা-মায়েদের ৫৭ সন্তান জিপিএ-৫ পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। গত সোমবার এসব সুবিধাবঞ্চিত কৃতী শিক্ষার্থীদের দেওয়া হয় সংবর্ধনা।
সংবর্ধনা শুরু হয় বিকেল তিনটায়। আয়োজকেরা জানান, ২০১৫ সালে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ইউসেপ-হাফিজ মজুমদার সিলেট টেকনিক্যাল স্কুল প্রথমবারের মতো মাধ্যমিক (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেয়। প্রতিষ্ঠানটির ৫৭ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে। প্রতিষ্ঠানটি কারিগরি শিক্ষা বোর্ডে পঞ্চম স্থান অর্জন করে। এ প্রতিষ্ঠানের অধ্যয়নরত শিক্ষার্থীরা দরিদ্র পরিবারের সন্তান।
ইউসেপ-হাফিজ মজুমদার সিলেট টেকনিক্যাল স্কুলের উদ্যোগে আয়োজিত এসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও সাবেক সাংসদ হাফিজ আহমদ মজুমদার। বিশেষ অতিথির বক্তব্য দেন শিক্ষাবিদ কবির এইচ চৌধুরী, ইউসেপের নির্বাহী পরিচালক জাকি হাসান প্রমুখ।
শিক্ষার্থীদের মধ্যে ফারজানা আক্তার বলে, ‘আমি কখনো ভাবিনি এতদূর পর্যন্ত পড়াশোনা করতে পারব। আটজনের সংসারে আমরা ছয় ভাইবোন। বাবা দিনমজুর। এ অবস্থায় ইউসেপ বিদ্যালয়ে পড়ে আমার পড়াশোনা বিনামূল্যে চালিয়ে গেছি।’