সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ
পটুয়াখালী শহরের বিভিন্ন স্থানের সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ করেছে প্রথম আলোর পটুয়াখালীর বন্ধুসভা। প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল সোমবার সকালে শহরের পৌরসভা চত্বরে শহীদ মিনার প্রাঙ্গণে শিশুদের হাতে এসব কম্বল তুলে দেওয়া হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা আবাস পরিচালিত স্কুল ‘শিশু শিক্ষা বিনোদন কেন্দ্র’-এর ৫০ শিক্ষার্থী এবং শহরের ছিন্নমূল ৩০ পথশিশুকে মোট ৮০টি কম্বল দেওয়া হয়।
কম্বল পেয়ে শিশু শিক্ষার্থীদের একজন মীম বলে, ‘শীতে খুব কষ্ট পাইছি। এই কম্বলডা মায়রে দিমু। মায় খুব খুশি হইবে।’
এ সময় নাট্যকার নির্মল কুমার দাশগুপ্ত বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে এবারও শীতার্ত সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে প্রথম আলোর কম্বল বিতরণ এক অনন্য দৃষ্টান্ত। এই শিশুদের কথা কেউ ভাবে না বলে অভিযোগ করেন তিনি।
কম্বল বিতরণের সময় জেলা শিশু অধিকার রক্ষা কমিটির সভাপতি শ ম দেলোয়ার হোসেন, শিশু শিক্ষা বিনোদন কেন্দ্রের কর্মকর্তা নজরুল ইসলাম এবং বন্ধুসভার স্বজনরাসহ অনেকেই উপস্থিত ছিলেন।
শীতার্তদের মধ্যে বিতরণের জন্য রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) সম্প্রতি এসব কম্বল প্রথম আলো ট্রাস্টে জমা দেয়।