সুবিধাবঞ্চিত শিশুদের ওপর পুলিশি হয়রানি বন্ধ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুবিধাবঞ্চিত শিশুদের অনেককে বলতে শোনা যায় বড় হয়ে তারা পুলিশ হবে। এর একটা কারণ, তারা পুলিশের দ্বারা অনেক বেশি হয়রানির শিকার হয়। তারা মনে করে, ভবিষ্যতে তারাও এভাবে ক্ষমতার ব্যবহার করবে। সুবিধাবঞ্চিত এসব শিশুদের ওপর হয়রানি বন্ধ করতে হবে এবং ভালো আচরণ ও ভালো মানুষ হওয়ার শিক্ষা দিতে হবে বলে মনে করেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ।

আজ সোমবার দুপুরে শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমিতে শিশু অধিকার ফোরাম আয়োজিত সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় এসব কথা বলেন তোফায়েল আহমেদ।

তোফায়েল আহমেদ বলেন, দেশের মোট জনসংখ্যার ৪৫ শতাংশ শিশু। তাদের মধ্যে সুবিধাবঞ্চিত শিশুরা যারা কাজের পাশাপাশি পড়াশোনা ও বিভিন্ন সৃজনশীল কাজে অংশগ্রহণ করছে তাদের সহযোগিতার জন্য সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, সুবিধাবঞ্চিত এসব শিশু কাজ করছে আবার পড়াশোনাও করছে। অন্যদিকে আমরা দেখি বিত্তবান শ্রেণির কিছু সন্তান অকাজ করছে। এ কারণে শিশুদের সৃজনশীল বিকাশে যেসব সংগঠন কাজ করছে তাদের অভিনন্দন জানাচ্ছি।

অনুষ্ঠানে বেসরকারি প্রতিষ্ঠান শাপলা নীড়-এর কান্ট্রি ডিরেক্টর বলেন, তারা বাংলাদেশে মানবাধিকার নিয়ে কাজ শুরু করেছিলেন। এখন শিশুদের নিয়ে কাজ করছেন। তারা শ্রমজীবী শিশুদের শিক্ষাদান ও সুস্থ বিকাশে কাজ করছেন।

বাংলাদেশ শিশু অধিকার ফোরামের (বিএসএএফ) ভাইস চেয়ারপারসন ইকবাল আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিশু অধিকার ফোরামের পরিচালক আবদুছ শহীদ মাহমুদ। আরও বক্তব্য দেন এসওএস আন্তর্জাতিক শিশু পল্লী বাংলাদেশ-এর প্রকল্প পরিচালক সাইফুল ইসলাম, এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এডুকো) উপপরিচালক রওশন আরা প্রমুখ।