সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিদ্যালয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হরিজন পল্লিতে বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ ফাউন্ডেশন এই শিক্ষাপ্রতিষ্ঠানটি গড়ে তুলেছে। গত সোমবার বিকেলে ‘নবজাগরণ শিক্ষা নিকেতন’ নামে বিদ্যালয়টির উদ্বোধন করা হয়।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতারা জানান, নতুন এই বিদ্যালয়ে পথশিশু, হরিজন পল্লির শিশু এবং ভাসমান শিশুরা পড়াশোনা করতে পারবে। সপ্তাহে চার দিন বিকেল সাড়ে চারটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত পাঠদান চলবে।
নবজাগরণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবু হোরায়রা বলেন, শুরুতে হরিজন পল্লির ৩০ জন শিশুর জন্য প্রাক্-প্রাথমিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হবে। সংগঠনের সদস্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয়টিতে পাঠদান করবেন।