সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিনিয়োগ বাড়াতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সংবিধানে সব শিশুর জন্য সমান সুযোগের কথা বলা আছে। তবে বিষয়টি এখন পর্যন্ত স্লোগানেই সীমাবদ্ধ। সমান সুযোগ নিশ্চিত করতে হলে দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের অগ্রাধিকার দিয়ে তাদের পেছনে বিনিয়োগ বাড়াতে হবে। রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে। আর সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ থাকাও জরুরি।

আজ মঙ্গলবার ‘সব শিশুর জন্য সমান সুযোগ’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আলোচকেরা এসব কথা বলেন। বৈঠকের আয়োজন করে প্রথম আলো। এতে সহায়তা করে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম।
কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত এ গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, সরকার শিশুদের জন্য আলাদা অধিদপ্তর করার চিন্তাভাবনা করছে। সুবিধাবঞ্চিত শিশুদের পুষ্টি, শিক্ষা, থাকার ব্যবস্থা করছে।
আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় কর্মজীবী মায়ের সন্তানদের পরিচর্যা নিশ্চিতকরণে দেশে ২০টি শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপনের জন্য একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, সরকার আরও ৩৬টি শিশু দিবাযত্ন কেন্দ্র চালু করতে যাচ্ছে। সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তা করতে হলে শিশুর মা ও পরিবারকে সহায়তা করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
ইউনিসেফের বিশ্ব শিশু পরিস্থিতি ২০১৬ (এ ফেয়ার চান্স ফর এভরি চাইল্ড) প্রতিবেদনে বলা হয়েছে, গড় হিসাবে একটি শিশু যদি অন্তত এক বছর বেশি শিক্ষা অর্জনের সুযোগ পায়, তবে তা তার ভবিষ্যৎ কর্মজীবনে আয় অন্তত ১০ শতাংশ বাড়িয়ে দেয়। আজ বিশ্বব্যাপী প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়। প্রতিবেদন বলছে, বিশ্বের সবচেয়ে সুবিধাবঞ্চিত শিশুদের দুর্দশার প্রতি দ্রুত নজর না দিলে বর্তমান প্রবণতা অনুযায়ী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে না। ২০৩০ সালের মধ্যে ৬ কোটি ৯০ লাখ শিশু বেশির ভাগ ক্ষেত্রে প্রতিরোধযোগ্য বিভিন্ন কারণে মারা যাবে। ১৬ কোটি ৭০ লাখ শিশু দারিদ্র্যের মধ্যে বসবাস করবে এবং ৭৫ কোটি নারীর শিশু বয়সেই বিয়ে হবে। গোলটেবিল বৈঠকে এ প্রতিবেদনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন আলোচকেরা।

রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে আজ মঙ্গলবার আয়োজিত ‘সব শিশুর জন্য সমান সুযোগ’ শীর্ষক গোলটেবিল বৈঠকের অতিথিরা। ইউনিসেফের সহযোগিতায় এর আয়োজন করে প্রথম আলো। ছবি: সাহাদাত পারভেজ
রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে আজ মঙ্গলবার আয়োজিত ‘সব শিশুর জন্য সমান সুযোগ’ শীর্ষক গোলটেবিল বৈঠকের অতিথিরা। ইউনিসেফের সহযোগিতায় এর আয়োজন করে প্রথম আলো। ছবি: সাহাদাত পারভেজ

আলোচনায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেন, সমাজে বৈষম্য থাকবে না। সব নাগরিক সমান মর্যাদা ও অধিকার পাবে। রাষ্ট্র যখন এটা স্বীকার করে, তখন রাষ্ট্রের নৈতিক দায়িত্ব তা নিশ্চিত করা। কোনো ধরনের আপসকামিতা করে বিভক্ত সমাজে সাম্য আনা যাবে না বলেও তিনি উল্লেখ করেন।
শিশু অধিকারবিষয়ক সংসদীয় ককাসের সভাপতি মীর শওকাত আলী বাদশা বলেন, সব শিশুর জন্য সমান সুযোগ হচ্ছে সংবিধানের কথা। এটি বাস্তবায়ন কঠিন। তিনি সরকারের পাশাপাশি বেসরকারি ও আন্তর্জাতিক সংগঠনের সমন্বিত উদ্যোগ থাকার বিষয়টিতে গুরুত্ব দেন।
ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি এডওয়ার্ড বেগবেদার বলেন, ১৯৯০ সালে বাংলাদেশে নবজাতক মৃত্যু হার ছিল ১৪৪। ২০১৫ সালে তা কমে হয়েছে ৪৮। অর্থাৎ এ সময়ে কমেছে ৭৫ শতাংশ। সেদিক থেকে বাংলাদেশের অর্জন অনেক ভালো। এখন মানসম্মত সেবা, শিক্ষার দিকে নজর দিতে হবে। শিশুদের পেছনে বিনিয়োগ বাড়াতে হবে।
গোলটেবিল বৈঠকে উপস্থিত খুলনার শিশু রাফিজা আক্তার জানায়, ইউনিসেফের পক্ষ থেকে সহায়তা পাচ্ছে বলেই সে তার পড়াশোনা চালিয়ে যেতে পারছে। তবে বাড়িতে বিদ্যুৎ নেই বলে রাতে ঘরের সামনে ডাস্টবিনের কাছে রাস্তার লাইটের আলোয় তাকে পড়তে হচ্ছে।
মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক তোফায়েল আহমেদ বলেন, অগ্রগতির প্রধান সিঁড়ি হচ্ছে শিক্ষা। কিন্তু বাংলাদেশের শিক্ষার অবস্থান বন্ধুর। এখানে শিক্ষা হচ্ছে প্রধান বিভাজক। বাংলা, ইংরেজি, ধর্মীয় শিক্ষাসহ নানান ধারার শিক্ষা একই জায়গায় ১০ রকমের মানুষ তৈরি করছে। সব শিশুর সমান সুযোগ নিশ্চিত করতে হলে একই মানের শিক্ষার বিস্তার ঘটাতে হবে।
বাংলাদেশ শিশু অধিকার ফোরামের চেয়ারপারসন এমরানুল হক চৌধুরী বলেন, শিশু ও বড়দের দারিদ্র্য দূর করতে একই ধরনের ব্যবস্থা নিলে হবে না। এ ছাড়া সব শিশুর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে ইতিবাচক বৈষম্য করতে হবে। যাদের বেশি দরকার, তাদের জন্য বেশি বিনিয়োগ করতে হবে।
সেভ দ্য চিলড্রেনের উপপরিচালক (পলিসি রাইটস অ্যান্ড গভর্নেন্স) শামসুল আলম বলেন, ২০১৬-২০১৭ সালের বাজেটে শিশুদের জন্য বরাদ্দ ১৪ দশমিক ৫ শতাংশ। অন্যদিকে ২০১৫-২০১৬ অর্থবছরে মোট বরাদ্দের ৪২ শতাংশ খরচ করতে পেরেছে সরকার। সিলেটের শিশুরা কেন বিভিন্ন দিক থেকে পিছিয়ে আছে, উত্তরবঙ্গের দিকে দৃষ্টি দিয়ে বাজেট বরাদ্দ করা হয় কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ বলেন, দেশে দরিদ্র শিশুর সংখ্যা ১ কোটি ৬৮ লাখ। আর অতিদরিদ্র শিশুর সংখ্যা ৮৪ লাখ। একজন দরিদ্র ব্যক্তির পরবর্তী প্রজন্ম দরিদ্রই থাকবে—এ ধারণা থেকে বের হতে হবে। কিউবার নেতা ফিদেল কাস্ত্রো দেশের সব দরিদ্র শিশুর জন্য এক গ্লাস দুধের ব্যবস্থা করেছিলেন ভবিষ্যৎ বিনিয়োগের কথা চিন্তা করে। দেশের নীতিনির্ধারকদের সে ধরনের মনমানসিকতা আছে কি না, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।
শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমদ বলেন, দেশের দুই বা তিন শতাংশ শিশু যারা স্কুলে আসছে না, তাদের জন্য বিশেষ কার্যক্রম নিতে হবে। আর সে ক্ষেত্রে বিনিয়োগও বাড়াতে হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আবদুল মালেক পুষ্টিনীতি, কমিউনিটি ক্লিনিক, আচরণগত পরিবর্তন, যোগাযোগ কার্যক্রমসহ বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর যুগ্ম পরিচালক দীপঙ্কর রায় বলেন, পরিসংখ্যান ব্যুরো বিভিন্ন তথ্য-উপাত্ত নীতিনির্ধারকদের কাছে পৌঁছে দেয়, সে অনুযায়ী তাঁরা বিভিন্ন পরিকল্পনা করেন। ন্যাশনাল হাউসহোল্ড ডেটাবেজ করা হচ্ছে, সেখানে শিশু দারিদ্র্যের বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হবে।
ব্র্যাকের শিক্ষা কর্মসূচির পরিচালক শফিকুল ইসলাম অগ্রাধিকারের ক্ষেত্রে ০ থেকে ৫ বছর বয়সী শিশুদের পেছনে বিনিয়োগ বাড়ানোর বিষয়টিতে গুরুত্ব দেন।
সেন্টার ফর পলিসি ডায়ালগের রিসার্চ অ্যাসোসিয়েট শাহিদা পারভীন বলেন, ইক্যুইটি বা সাম্য কাকে বলে তা আগে বুঝতে হবে। তারপর বাজেট বরাদ্দ করতে হবে। বাজেটে যে বরাদ্দ, তার সুযোগ অধিকতর সুবিধাভোগীরা নিচ্ছে কি না, তা-ও দেখতে হবে।
ইউনিসেফের সোশ্যাল পলিসি বিশেষজ্ঞ মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, সরকার উপবৃত্তি দিচ্ছে, তবে শুরু থেকে টাকার পরিমাণে তেমন তারতম্য ঘটেনি। যে শিশু কাজ করে ১৬০০ টাকা পাচ্ছে, সে কেন ৫০ টাকার জন্য (উপবৃত্তির ১০০ টাকার বর্তমান মূল্যমান ৪৫ টাকা) স্কুলে আসবে—এ ধরনের বিষয়গুলোও নীতিনির্ধারকদের চিন্তা করতে হবে।