সুবিধাবঞ্চিত শিশুদের পেছনে বিনিয়োগ বাড়াতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো আয়োজিত ‘সব শিশুর জন্য সমান সুযোগ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। পাশে ইউনিসেফের প্রতিনিধি এডওয়ার্ড বেগবেদার l ছবি: প্রথম আলো
প্রথম আলো আয়োজিত ‘সব শিশুর জন্য সমান সুযোগ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। পাশে ইউনিসেফের প্রতিনিধি এডওয়ার্ড বেগবেদার l ছবি: প্রথম আলো

সংবিধানে সব শিশুর জন্য সমান সুযোগের কথা বলা আছে। সাম্প্রতিক সময়ে শিশুদের বিষয়ে কিছু অগ্রগতি আছে। তবে বিষয়টি এখনো স্লোগানেই সীমাবদ্ধ। সমান সুযোগ নিশ্চিত করতে হলে দরিদ্র, সুবিধাবঞ্চিত শিশুদের অগ্রাধিকার দিয়ে বিনিয়োগ বাড়াতে হবে। রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে। আর সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ থাকাও জরুরি।

গতকাল মঙ্গলবার ‘সব শিশুর জন্য সমান সুযোগ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচকেরা এসব কথা বলেন। গোলটেবিল বৈঠকের আয়োজন করে প্রথম আলো। এতে সহায়তা করে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)। বৈঠকে সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম।

রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, সরকার শিশুদের জন্য আলাদা অধিদপ্তর করার চিন্তাভাবনা করছে। সুবিধাবঞ্চিত শিশুদের পুষ্টি, শিক্ষা, থাকার ব্যবস্থা করছে। গতকাল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় কর্মজীবী মায়ের সন্তানদের পরিচর্যা নিশ্চিতকরণে দেশে ২০টি শিশু দিবাযত্নকেন্দ্র স্থাপনের জন্য একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকার আরও ৩৬টি শিশু দিবাযত্নকেন্দ্র চালু করতে যাচ্ছে। সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তা করতে হলে শিশুর মা ও পরিবারকে সহায়তা করতে হবে।

প্রথম আলো আয়োজিত ‘সব শিশুর জন্য সমান সুযোগ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচকেরা l ছবি: প্রথম আলো
প্রথম আলো আয়োজিত ‘সব শিশুর জন্য সমান সুযোগ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচকেরা l ছবি: প্রথম আলো

বৈঠকে নারী ও মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেন, সমাজে বৈষম্য থাকবে না, সব নাগরিক সমান মর্যাদা ও অধিকার পাবে—রাষ্ট্র যখন এটা স্বীকার করে, তখন রাষ্ট্রের নৈতিক দায়িত্ব তা নিশ্চিত করা। কোনো ধরনের আপসকামিতা করে বিভক্ত সমাজে সাম্য আনা যাবে না।
ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি এডওয়ার্ড বেগবেদার বলেন, ইউনিসেফের বিশ্ব শিশু পরিস্থিতি, ২০১৬ (আ ফেয়ার চান্স ফর এভরি চাইল্ড) প্রতিবেদনে বলা হয়েছে, গড় হিসাবে একটি শিশু যদি অন্তত এক বছর বেশি শিক্ষা অর্জনের সুযোগ পায়, তবে তা তার ভবিষ্যৎ কর্মজীবনে আয় অন্তত ১০ শতাংশ বাড়িয়ে দেয়। গতকাল বিশ্বব্যাপী এ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ১৯৯০ সালে বাংলাদেশে নবজাতক মৃত্যুহার ছিল ১৪৪। ২০১৫ সালে তা কমে হয়েছে ৪৮। অর্থাৎ এ সময়ে কমেছে ৭৫ শতাংশ। সেই দিক থেকে বাংলাদেশের অর্জন অনেক ভালো। এখন মানসম্মত সেবা ও শিক্ষার দিকে নজর দিতে হবে। শিশুদের পেছনে বিনিয়োগ বাড়াতে হবে।
শিশু অধিকার-বিষয়ক সংসদীয় ককাসের সভাপতি মীর শওকাত আলী বাদশা বলেন, সব শিশুর জন্য সমান সুযোগ হচ্ছে সংবিধানের কথা। এটি বাস্তবায়ন কঠিন। তিনি সরকারের পাশাপাশি বেসরকারি ও আন্তর্জাতিক সংগঠনের সমন্বিত উদ্যোগ থাকার বিষয়টিতে গুরুত্ব দেন।

গোলটেবিল বৈঠকে উপস্থিত খুলনার শিশু রাফিজা আক্তার বলে, ইউনিসেফের পক্ষ থেকে সহায়তা পাচ্ছে বলেই সে পড়াশোনা চালিয়ে যেতে পারছে। তবে বাড়িতে বিদ্যুৎ নেই বলে রাতে ঘরের সামনে ডাস্টবিনের কাছে রাস্তার লাইটের আলোয় তাকে পড়তে হচ্ছে।

মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক তোফায়েল আহমেদ বলেন, অগ্রগতির প্রধান সিঁড়ি হচ্ছে শিক্ষা। কিন্তু বাংলাদেশের শিক্ষার অবস্থান বন্ধুর। সমাজে শিক্ষা হচ্ছে একটি প্রধান বিভাজক। বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম, ধর্মীয় শিক্ষাসহ নানান ধারার শিক্ষা একই জায়গায় ১০ রকমের মানুষ তৈরি করছে। সব শিশুর সমান সুযোগ নিশ্চিত করতে হলে একই মানের শিক্ষার বিস্তার ঘটাতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ বলেন, দেশে দরিদ্র শিশুর সংখ্যা ১ কোটি ৬৮ লাখ। আর অতি দরিদ্র শিশুর সংখ্যা ৮৪ লাখ। একজন দরিদ্র ব্যক্তির পরবর্তী প্রজন্ম দরিদ্রই থাকবে—এ ধারণা থেকে বের হতে হবে। কিউবার ফিদেল কাস্ত্রো দেশের সব দরিদ্র শিশুর জন্য দৈনিক এক গ্লাস দুধের ব্যবস্থা করেছিলেন ভবিষ্যৎ বিনিয়োগের কথা চিন্তা করে। দেশের নীতিনির্ধারকদের সে ধরনের মনমানসিকতা আছে কি না, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।

শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমদ বলেন, দেশের ২ বা ৩ শতাংশ শিশু যারা স্কুলে আসছে না, তাদের জন্য বিশেষ কার্যক্রম নিতে হবে। আর সে ক্ষেত্রে বিনিয়োগও বাড়াতে হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আবদুল মালেক পুষ্টিনীতি, কমিউনিটি ক্লিনিক, আচরণগত পরিবর্তন যোগাযোগ কার্যক্রমসহ বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর যুগ্ম পরিচালক দীপংকর রায় বলেন, পরিসংখ্যান ব্যুরো বিভিন্ন তথ্য-উপাত্ত নীতিনির্ধারকদের কাছে পৌঁছে দেয়, সে অনুযায়ী তাঁরা বিভিন্ন পরিকল্পনা করেন। ন্যাশনাল হাউসহোল্ড ডেটাবেইস করা হচ্ছে, সেখানে শিশুদারিদ্র্যের বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হবে।

বাংলাদেশ শিশু অধিকার ফোরামের চেয়ারপারসন এমরানুল হক চৌধুরী বলেন, সব শিশুর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিতে হবে। যাদের বেশি দরকার তাদের জন্য বেশি বিনিয়োগ করতে হবে।

সেভ দ্য চিলড্রেনের উপপরিচালক (পলিসি রাইটস অ্যান্ড গভর্ন্যান্স) শামসুল আলম বলেন, ২০১৬-২০১৭ অর্থবছরের বাজেটে শিশুদের জন্য বরাদ্দ ১৪ দশমিক ৫ শতাংশ। অন্যদিকে ২০১৫-১৬ অর্থবছরে মোট বরাদ্দের ৪২ শতাংশ খরচ করতে পেরেছে সরকার।

ব্র্যাকের শিক্ষা কর্মসূচির পরিচালক শফিকুল ইসলাম অগ্রাধিকারের ক্ষেত্রে শূন্য থেকে ৫ বছর বয়সী শিশুদের পেছনে বিনিয়োগ বাড়ানোর বিষয়টিতে গুরুত্ব দেন।

ইউনিসেফের সোশ্যাল পলিসি বিশেষজ্ঞ মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, সরকার উপবৃত্তি দিচ্ছে, তবে শুরুর পর থেকে টাকার পরিমাণে তেমন তারতম্য ঘটেনি। যে শিশু কাজ করে ১ হাজার ৬০০ টাকা পাচ্ছে, সে কেন ৫০ টাকার জন্য (উপবৃত্তির ১০০ টাকার বর্তমান মূল্যমান ৪৫ টাকা) স্কুলে আসবে, এ ধরনের বিষয়গুলোও নীতিনির্ধারকদের চিন্তা করতে হবে।

সেন্টার ফর পলিসি ডায়ালগের রিসার্চ অ্যাসোসিয়েট শাহিদা পারভীন বলেন, ইক্যুইটি বা সাম্য কাকে বলে, তা আগে বুঝতে হবে। তারপর বাজেট বরাদ্দ করতে হবে। বাজেটে যে বরাদ্দ, তার সুযোগ অধিকতর সুবিধাভোগীরা নিচ্ছে কি না, তা-ও দেখতে হবে।