সুবিধাবঞ্চিত শিশুদের প্রকল্পে লোক নিয়োগে অবহেলা
পথে থাকে বা মা-বাবার আদর-যত্নবঞ্চিত শিশুদের সংখ্যা নেহাত কম নয়। এদের সেবার জন্য সরকারের প্রোটেকশন অব চিলড্রেন অ্যাট রিস্ক (পিকার) প্রকল্পের মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের ডিসেম্বরে। অথচ প্রকল্পের পাঁচটি বিশেষজ্ঞ পদে এখনো নিয়োগ দেয়নি সরকার। সংশ্লিষ্ট মহল আশঙ্কা করছে, শিশুদের জন্য গুরুত্বপূর্ণ কাজ না করেই প্রকল্প শেষ হবে।জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) আর্থিক সহায়তায় ৬৪ কোটি টাকার পিকার প্রকল্প শুরু হয়েছিল ২০০৭ সালের এপ্রিলে। এই প্রকল্পের উদ্দেশ্য ছিল, ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা পথশিশুদের সুস্থভাবে বেড়ে ওঠার উপযোগী ও ক্ষমতায়নের জন্য অনুকূল পরিবেশ তৈরি করা এবং মা-বাবার আদরবঞ্চিত শিশুদের সমাজে পুনর্বাসনের ব্যবস্থা করা। এনজিওদের সহায়তায় ছয়টি বিভাগে প্রকল্পটি বাস্তবায়ন করছে সমাজসেবা অধিদপ্তর।২০০৮ সালের মার্চে পিকারের মেয়াদ শেষ হয়। কর্মকর্তারা বলছেন, প্রকল্পটি গুরুত্বপূর্ণ ছিল বলে এর মেয়াদ বাড়ানো হয়। গত বছরের এপ্রিল থেকে আবার প্রকল্পটি শুরু হয়। মেয়াদ বাড়লেও সরাসরি শিশুসেবা-বিশেষজ্ঞ, পলিসি অ্যাডভোকেসি অ্যান্ড লিগ্যাল, দক্ষতা বৃদ্ধি, তথ্য-ব্যবস্থাপনা এবং সামাজিক গতিশীলতা ও যোগাযোগ—এই বিশেষজ্ঞর পাঁচটি পদে নিয়োগ দেওয়া হয়নি। তবে ইউনিসেফের খণ্ডকালীন একজন বিশেষজ্ঞ পাঁচ বিশেষজ্ঞের কাজ করছেন।প্রকল্পে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা বলেন, বিশেষজ্ঞ পদে জনবল না থাকায় প্রকল্পের বার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। প্রকল্পের টাকা অব্যবহূত থেকে যাচ্ছে ও কাজের তত্ত্বাবধান হচ্ছে না এবং ধারাবাহিকতাও বজায় রাখা সম্ভব হচ্ছে না। দেশের পথশিশুদের জরিপ হওয়ার কথা ছিল এই প্রকল্পের মাধ্যমে, কিন্তু সে জরিপও হয়নি।ইউনিসেফের চাইল্ড প্রটেকশন সেকশনের শিশু সুরক্ষা কর্মকর্তা ফারজানা আহমেদ প্রথম আলোকে বলেন, প্রকল্পের গুরুত্বপূর্ণ পাঁচটি বিশেষজ্ঞ পদে জরুরি ভিত্তিতে নিয়োগ দেওয়া প্রয়োজন। নিয়োগ প্রসঙ্গে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব ও পিকার-এর প্রকল্প-পরিচালক ওমর ফারুক প্রথম আলোকে বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়, সমাজসেবা অধিদপ্তর, ইউনিসেফ প্রতিনিধি ও প্রকল্প পরিচালকের সমন্বয়ে গঠিত নিয়োগ কমিটি প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকা করে পরীক্ষা নিয়েছে এবং বাছাই চূড়ান্ত করে মন্ত্রণালয়ে নাম পাঠিয়েছে। তিনি আরও বলেন, খুব শিগগির মন্ত্রণালয় অনুমোদন দেবে।তবে সংশ্লিষ্ট সূত্রে জানিয়েছে, অ্যাডভোকেসি ও আইন এবং তথ্য-ব্যবস্থাপনাবিশেষজ্ঞ পদের একটিতে যোগ্য প্রার্থী পাওয়া যায়নি এবং অন্য পদে কেউ পরীক্ষাই দেয়নি।প্রকল্প সূত্রে জানা গেছে, পথশিশুদের নিয়ে প্রথম প্রকল্পটি শুরু হয়েছিল ১৯৯৯ সালে, তখন নাম ছিল অ্যাপ্রোপ্রিয়েট রিসোর্সেস ফর ইমপ্রুভিং স্ট্রিট চিলড্রেনস এনভায়রনমেন্ট (এরাইজ)। এই প্রকল্পের ধারাবাহিকতায় পিকার প্রকল্প শুরু হয়েছিল। পিকারের আওতায় সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন দেশের তিনটি কিশোর উন্নয়ন কেন্দ্র ও ছয়টি ভবঘুরে আশ্রয়কেন্দ্র থেকে মা-বাবার যত্নবঞ্চিত শিশু ও তাদের পরিবারের মধ্যে সম্পর্ক তৈরির চেষ্টা চালানো হয়।