সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় চট্টগ্রামে পুলিশের উদ্যোগ
চট্টগ্রাম মহানগর পুলিশ নগরের দামপাড়ায় চিটাগাং পুলিশ ইনস্টিটিউশনে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নৈশ বিদ্যালয় চালু করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে এই বিদ্যালয় উদ্বোধন করেন পুলিশ কমিশনার মো. আবদুল জলিল মণ্ডল।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, নৈশ বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিশুরা চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়তে পারবে। পর্যায়ক্রমে তাদের উচ্চশিক্ষার ব্যবস্থা করা হবে। ভালো ফলের জন্য শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়া হবে।
অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত শিশু ইব্রাহিম খলিল বলে, ‘এখন পড়ালেখা করার সুযোগ পাব।’
নগর পুলিশ কমিশনার অনুষ্ঠানে শিশুদের শিক্ষা উপকরণ দেন।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম শহিদুর রহমান প্রথম আলোকে বলেন, দামপাড়া পুলিশ লাইনের ক্যানটিনে কাজ করা সুবিধাবঞ্চিত শিশু এবং বস্তির শিশুরা এই বিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে। এখন পর্যন্ত ৮০ শিশুর নাম নিবন্ধন করা হয়েছে। চিটাগাং পুলিশ ইনস্টিটিউশনের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা শিক্ষক হিসেবে থাকবে। আর নগর পুলিশের তহবিল থেকে এই বিদ্যালয়ের ব্যয় নির্বাহ করা হবে।