সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গী রবির গ্রাহকেরা

সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের আনন্দে এবার সঙ্গী হচ্ছেন রবির গ্রাহকেরা। সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উৎসব বর্ণিল করতে এই আয়োজন করেছে রবি আজিয়াটা লিমিটেড।
গতকাল মঙ্গলবার এই ব্যতিক্রমী উদ্যোগ চালু করা হয়েছে। রবির স্মাইল ক্যাম্পেইনের অংশ হিসেবে এর নাম দেওয়া হয়েছে ‘এই ঈদে কাকে হাসাবেন?’।
রবির গ্রাহকেরা ২৮ বা ৫৮ টাকা রিচার্জ করলেই স্বয়ংক্রিয়ভাবে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের পোশাক কেনার অংশীদার হয়ে যাবেন। তবে এর জন্য গ্রাহকের রিচার্জ করা অর্থ থেকে টাকা কাটা যাবে না। গ্রাহক রিচার্জ করা টাকার পুরোটাই ব্যবহার করতে পারবেন। রিচার্জ করা অর্থের একটা অংশ দিয়ে নতুন পোশাক কেনা হবে। এই কর্মসূচির মাধ্যমে সারা দেশে অন্তত ২৫ হাজার নতুন পোশাক বিতরণের প্রতিশ্রুতি দিয়েছে রবি।
গতকাল এই কর্মসূচির উদ্বোধন করে রবির প্রধান পরিচালন কর্মকর্তা মাহতাব উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা আমাদের চেয়ে কম সুবিধাপ্রাপ্ত মানুষের পাশে দাঁড়াতে চাই। অনেক সময় সেটা সম্ভব হয় না বা উপায় খুঁজে পাই না। এই সুযোগে রবির গ্রাহকেরা একটি মহান উদ্যোগের অংশ হতে পারবেন এবং সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে পারবেন।’ এই কর্মসূচির সর্বশেষ তথ্য জানা যাবে যাবে (www.makebangladeshsmile.com) এ। বিজ্ঞপ্তি।