সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষায় ভাতা
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় চান্দপুর চা-বাগানসহ ২৪টি চা-বাগানের এতিম ও সুবিধাবঞ্চিত ৫৪৮ জন শিশুর মধ্যে ভাতার অর্থ বিতরণ করা হয়েছে। জাতিসংঘের শিশু তহবিলের (ইউনিসেফের) সহযোগিতায় শিশুদের সামাজিক নিরাপত্তা সুরক্ষা প্রকল্পের আওতায় গতকাল শুক্রবার প্রথম দফায় ভাতা বিতরণ করেন সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ।
ভাতা বিতরণ উপলক্ষে চান্দপুর চা-বাগানে জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদারের সভাপতিত্বে এক সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার এন এম জিয়াউল আলম, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব সুরাইয়া বেগম, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক নাছিমা বেগম, চাইল্ড সেনসিটিভ সোশ্যাল প্রটেকশন ইন বাংলাদেশ প্রকল্পের প্রকল্প পরিচালক ওমর ফারুক ও ইউনিসেফের প্রতিনিধি পাসকেল।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম পাটোয়ারী জানান, প্রথম দফায় ৫৪৮টি শিশুকে প্রতি মাসে দুই হাজার করে ছয় মাসে ১২ হাজার টাকা দেওয়া হয়। প্রাথমিক পর্যায়ে ছয় মাস অন্তর তিন কিস্তিতে ১২ হাজার করে প্রতিটি শিশু ৩৬ হাজার টাকা পাবে। তবে এ সুবিধা নেওয়ার পর শিশুদের বিদ্যালয়ে যাওয়াসহ কিছু শর্ত পূরণ করতে হবে।