সুবিধাবঞ্চিত সহস্রাধিক মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন বলেশ্বর নদের মাঝের চরে সহস্রাধিক মানুষের বসবাস। চার দশক আগে জনবসতি গড়ে উঠলেও চরবাসীর জন্য এখনো নেই তেমন কোনো সুযোগ-সুবিধা। দুর্গম যোগাযোগব্যবস্থা ও চিকিৎসার সুবিধা না থাকায় চরবাসীকে প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য শহিদুল ইসলাম বলেন, ‘মাঝের চরে চিকিৎসাকেন্দ্র ও চিকিৎসক না থাকায় কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে দুর্গম নৌপথ পাড়ি দিয়ে মঠবাড়িয়া ও বাগেরহাটের শরণখোলা উপজেলা হাসপাতালে যেতে হয়।’খোঁজ নিয়ে জানা যায়, বেতমোর রাজপাড়া ইউনিয়নের দক্ষিণ-উত্তর প্রান্তে বলেশ্বর নদের মধ্যবর্তী স্থানে চরটি জেগে উঠেছে। বর্তমানে ২৭৬টি পরিবারের সহস্রাধিক মানুষ বসবাস করছে। তারা কৃষি ও মৎস্যজীবী। যাতায়াতের জন্য খেয়ানৌকার ওপর নির্ভরশীল। ঘূর্ণিঝড় সিডর ও আইলায় চরের বেড়িবাঁধ ও ঘরবাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ২০০৮ সালে ব্রিটিশ বিজনেস গ্রুপ চরের ১৬০টি পরিবারকে পাকা ঘর করে দেয়। তবে বিধ্বস্ত বেড়িবাঁধ মেরামত না করায় প্রাকৃতিক দুর্যোগ ও জলোচ্ছ্বাসে চরের ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। এ ছাড়া চরে সুপেয় পানির তীব্র সংকট রয়েছে। লবণাক্ততা ও ভূপ্রকৃতিগত কারণে সেখানে নলকূপের পানি পান করা যাচ্ছে না।মাঝের চর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল হক বলেন, গত এক সপ্তাহে চরের আটজন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। ৩১ মার্চ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শিল্পী বেগম (৩৫) নামের এক গৃহবধূ মারা গেছেন। দুই কিলোমিটার নৌ ও ১৮ কিলোমিটার সড়কপথ পার হয়ে চরের মানুষকে চিকিৎসা নিতে মঠবাড়িয়ায় যেতে হয়। রাতে খেয়া পারাপার বন্ধ থাকায় কেউ অসুস্থ হয়ে পড়লেও তাকে সকালের জন্য অপেক্ষা করতে হয়। চরবাসীর দাবি এখানে একটি স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ করে স্থায়ীভাবে একজন চিকিৎসককে পদায়ন করার। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, চরে কোনো চিকিৎসাকেন্দ্র নেই। তবে প্রায়ই চিকিৎসকেরা গিয়ে চরবাসীকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন। পিরোজপুরের সিভিল সার্জন আবদুল গনি বলেন, মাঝের চরে কোনো স্বাস্থ্যকেন্দ্র না থাকায় সেখানে স্থায়ীভাবে চিকিৎসক দেওয়া যাচ্ছে না।