চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন
সুবিধাভোগী শিক্ষক মনোনয়ন পাওয়ায় হলুদ প্যানেলে বিভক্তি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ হলুদ প্যানেলে বিভক্তি দেখা দিয়েছে। হলুদ প্যানেলে সাধারণ সম্পাদক পদে সুবিধাভোগী এক শিক্ষককে প্রার্থী ঘোষণার পর এই বিভক্তির সূত্রপাত হয়। এই সুবিধাভোগী শিক্ষক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন। সূত্রমতে, সাধারণ সম্পাদক পদে সুবিধাভোগী শিক্ষককে মনোনয়ন দেওয়ায় আলাদাভাবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন প্যানেলের বিভক্ত শিক্ষকেরা। তবে পৃথকভাবে নির্বাচনে অংশ নেওয়ার কথা বললেও উভয় প্যানেলই নিজেদের হলুদ প্যানেলের মূল অংশ বলে দাবি করেছেন।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ৩১ ডিসেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন হওয়ার কথা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৭৯৩ জন শিক্ষক এই নির্বাচনের ভোটার বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের আওয়ামী-ঘরানার এক শিক্ষক নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, বর্তমান প্রশাসন মুক্তিযুদ্ধের সপক্ষের ত্যাগী শিক্ষকদের বাদ দিয়ে বিভিন্ন আমলে সুবিধাভোগীদের একই সঙ্গে গুরুত্বপূর্ণ পদগুলোতে বসিয়ে নতজানু প্রশাসনিক ব্যবস্থা তৈরি করছে। এর দায় কিন্তু সুবিধাভোগী পন্থীদেরই নিতে হবে।হলুদ প্যানেলের আহ্বায়ক ইমরান হোসেন বিভক্তি প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, কেউ নিজেদের হলুদ প্যানেল দাবি করতেই পারে। তবে সবাই জানে কারা আসল হলুদ।হলুদ দলের বিভক্তির কথাটা স্বীকার করেছেন বিশ্ববিদ্যালয়ের হলুদ প্যানেলের জ্যেষ্ঠ শিক্ষক ও সাবেক ডিন গাজী সালেহ উদ্দীন। তিনি নিজেদের হলুদ প্যানেলের মূল স্রোতের শিক্ষক বলে জানান। তিনি প্রথম আলোকে বলেন, ‘শিক্ষক সমিতির নির্বাচনে প্যানেল ঘোষণার এখতিয়ার স্টিয়ারিং কমিটির নেই। যাঁরা কখনো দল করেননি তাঁরাই স্টিয়ারিং কমিটির বর্তমান কমিটিতে জায়গা করে নিয়েছেন। আমরা এই মনোনয়ন মানি না। তাই আলাদাভাবে নির্বাচনে অংশ নিচ্ছি। শনিবারই (আগামীকাল) আমরা আমাদের প্রার্থীদের তালিকা চূড়ান্ত করব।’আঞ্চলিকতা সৃষ্টি ও সুবিধাভোগীদের বার বার সুযোগ করে দেওয়ায় মুক্তিযুদ্ধের শিক্ষকেরা এর আগেও বিভক্ত হয়েছিল। এবার শিক্ষক সমিতির নির্বাচনে আরেক সুবিধাভোগী শিক্ষককে মনোনয়ন দেওয়ায় হলুদ প্যানেলে ভাঙনের সুর বাজছে।