সুবিধাভোগীদের তালিকা অনলাইনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির সুবিধাভোগীদের তালিকা অনলাইনে প্রকাশ করছে উপজেলা প্রশাসন।
গতকাল বুধবার উপজেলা প্রশাসনের ফেসবুক পেজে আশুজিয়া ও দল্পা ইউনিয়নের সুবিধাভোগী ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, সুবিধাভোগী ব্যক্তিদের তালিকা নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে নানা অনিয়ম-দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ ওঠে। প্রশাসন ইতিমধ্যে বলাইশিমুল ইউনিয়নে জিয়াউর রহমানের ডিলারশিপ বাতিল করেছে।
এ বিষয়ে গত ২৭ অক্টোবর প্রথম আলোয় ‘কেন্দুয়ায় খাদ্যবান্ধব কর্মসূচি: তালিকায় ডিলার, তাঁর স্ত্রী, স্বজন ও ধনীরা’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।
এই পরিস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মুতাসিমুল ইসলাম গতকাল বেলা সাড়ে ১১টায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যদের নিয়ে পরিষদের মিলনায়তনে বৈঠক করেন। সুবিধাভোগীদের তালিকায় অনিয়ম-দুর্নীতি ও স্বজনপ্রীতি হলে তা দ্রুত সংশোধন করে নতুন তালিকা করার নির্দেশ দেওয়া হয়।
অন্যথায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।
এ সম্পর্কে ইউএনও মুহাম্মদ মুতাসিমুল ইসলাম বলেন, সুবিধাভোগীদের তালিকা সম্পর্কে মানুষ যাতে সহজে জানতে পারেন এবং অনিয়ম হয়ে থাকলে তা সংশোধনের উদ্যোগ নিতে এসব তালিকা অনলাইনে প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইউএনও আরও বলেন, পর্যায়ক্রমে সব ইউনিয়নের তালিকা অনলাইনে প্রকাশ করা হবে। চলতি নভেম্বর মাসে চাল বিতরণে তালিকা নিয়ে যাতে অভিযোগ না ওঠে, সে জন্য ইউপি সদস্যদেরও তালিকা দ্রুত সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে।