সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় স্বল্পমূল্যে চাল পাবেন, এমন প্রায় ৫০ লাখ ব্যক্তির নামের তালিকা নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করল খাদ্য অধিদপ্তর। ওই তালিকায় কোনো অসংগতি থাকলে তা তাৎক্ষণিকভাবে সংশোধন করবে অধিদপ্তর।
গতকাল সোমবার খাদ্য অধিদপ্তর আয়োজিত সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এ কথা বলেন। তিনি খাদ্যবান্ধব কর্মসূচিকে সম্পূর্ণ স্বচ্ছ ও সব বিতর্কের ঊর্ধ্বে রাখার ঘোষণা দেন।
খাদ্যসচিব মো. কায়কোবাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ।
খাদ্যমন্ত্রী বলেন, উপকারভোগীদের তালিকায় স্বচ্ছতা আনতে তালিকা প্রকাশের এমন উদ্যোগ নেওয়া হয়েছে। আপলোড করা তালিকায় কোনো সচ্ছল ব্যক্তির নাম থাকলে তা সহজেই যাচাই করা সম্ভব হবে। পাশাপাশি উপজেলা খাদ্য কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা খাদ্য নিয়ন্ত্রকের কাছে মোবাইল, এসএমএস, ই-মেইল করে অভিযোগ করা যাবে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অভিযোগ করা যাবে।
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ‘আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতে বিশ্বাস করি বলেই অগ্রসরমাণ শক্তির মাধ্যমে দেশ এগিয়ে চলছে। এ কর্মসূচিতেও স্বচ্ছতা নিশ্চিত করা হবে। এ লক্ষ্যে উপকারভোগীদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হলো।’
কামরুল ইসলাম বলেন, এই কর্মসূচির জন্য নতুন নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। এতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সভাপতি করে ইউপি খাদ্যবান্ধব কমিটি এবং জেলা প্রশাসককে সভাপতি করে জেলা খাদ্যবান্ধব মনিটরিং কমিটি গঠন করা হবে। এসব কমিটি যদি দুজনের হয়, তাহলেও সেখানে একজন সাংবাদিক প্রতিনিধি থাকবেন।
খাদ্য অধিদপ্তর সূত্র বলেছে, জনগণকে স্বল্পমূল্যে খাদ্য সহায়তা দেওয়া ও পুষ্টি নিশ্চিত করতে সরকার খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সারা দেশে ৪৯ লাখ ১৩ হাজার ৫৪৭ জন উপকারভোগীর তালিকা ওয়েবসাইটে প্রকাশ করেছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৫০ লাখের মধ্যে এখন পর্যন্ত ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় ঢাকায় ১৩ লাখ ৯১ হাজার ৮৫১ জন, চট্টগ্রামে ৬ লাখ ৯ হাজার ৪৭৬, সিলেটে ২ লাখ ৪৩ হাজার ৭২৬, রাজশাহীতে ৭ লাখ ৭৩ হাজার ২৭, রংপুরে ৮ লাখ ৮২ হাজার ১০১, খুলনায় ৬ লাখ ১৯ হাজার ৫৪১ ও বরিশালে ৪ লাখ ৮০ হাজার ২৭৮ জনের নাম যুক্ত করা রয়েছে।
বছরের পাঁচ মাসে (সেপ্টেম্বর থেকে নভেম্বর এবং মার্চ ও এপ্রিল) প্রতি মাসে ১০ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল তালিকাভুক্ত হতদরিদ্র পরিবারগুলোর মধ্যে বিতরণ করা হচ্ছে।