সুবিধাভোগীরা আ.লীগের নেতা-কর্মী ও বিত্তবান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে একটি বাড়ি একটি খামার প্রকল্পের সুবিধাভোগীদের নামের তালিকায় জনপ্রতিনিধি, বিত্তবান ও ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা রয়েছেন। এ কারণে প্রকৃত হতদরিদ্ররা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমান সরকার ২০০৯-১০ অর্থবছরে সারা দেশের মতো প্রথম দফায় ধুনট সদর, এলাঙ্গী, ভান্ডারবাড়ি ও চৌকিবাড়ি—এই চার ইউনিয়নের ২০টি গ্রামকে এ প্রকল্পের আওতায় আনে। সে অনুযায়ী একটি গ্রামে ৬০ জন করে মোট ২০টি গ্রামের এক হাজার ২০০ হতদরিদ্র সদস্যের এ প্রকল্পের আওতায় আসার কথা। প্রকল্পের সদস্য সংগ্রহ করে তাঁদের সুবিধা দেওয়ার দায়িত্ব উপজেলা বিআরডিবির কার্যালয়ের কর্মকর্তাদের। সদস্যদের আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত, সেই সদস্যকে হতদরিদ্র ও বিধবা হতে হবে। দ্বিতীয়ত, শুধুই ঘরবাড়ি আছে এমন দরিদ্র হতে হবে। তৃতীয়ত, বাড়িঘরসহ এক বিঘা জমির বেশি থাকতে পারবে না। অথচ ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতা-কর্মীরা এসব নিয়মনীতি উপেক্ষা করে নিজেরাই প্রকল্পের সদস্য হয়ে তালিকা চূড়ান্ত করে জমা দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তালিকায় যাঁদের নাম রয়েছে তাঁরা হলেন—ধুনট সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আফছার আলী ও সদস্য গাজিউর রহমান এবং আলতাব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের ভাই সরকারি নিয়োগপ্রাপ্ত সার ডিলার মুন্টু মিয়া ও সদস্য আবদুর রাজ্জাকের ভাই ইয়াহিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক শফিকুল ইসলামের ভাই আবুল কালাম আজাদ, যুবলীগের সদস্য মাসুদ রানা ও সুমন সরকার। এ ছাড়া তালিকায় আরও বিত্তবান ও দলীয় কর্মীর নাম রয়েছে।উপজেলা বিআরডিবির কর্মকর্তা আবদুল মান্নান বলেন, ‘আমি এখানে যোগদানের আগেই এ প্রকল্পের সুবিধাভোগীদের নামের তালিকা চূড়ান্ত করা হয়েছে। এসব সদস্যকে তালিকা থেকে বাদ দেওয়ার এখতিয়ার আমার নেই। তবে আমার জানামতে, তালিকা নিয়মানুযায়ী করা হয়েছে।’উপজেলা ক্রয় কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি বলেন, ‘চূড়ান্ত তালিকা অনেক আগেই তৈরি করা হয়েছে। আমি সে সময় এখানে দায়িত্বে ছিলাম না।’ একজন জনপ্রতিনিধি হিসেবে আপনি কী করে ওই তালিকাভুক্ত হলেন—এমন প্রশ্নের জবাবে মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমি চাইনি। এলাকার সমিতির সদস্যরা আমার নাম তুলে দিয়েছেন। গরু দিলেও আমি নেব না।’এলাকায় ধনাঢ্য ব্যক্তি হিসেবে পরিচিত ইয়াহিয়া বলেন, ‘জীবনভর আওয়ামী লীগ করছি। কিছু পাই নাই। এইবার দলীয় নেতা-কর্মীদের কাছে বলার পর একটা সুযোগ দিছে। এলাকায় আমার মতো আরও অনেক সদস্য আছে।’ ধুনটে একটি বাড়ি একটি খামার প্রকল্পের সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান টি আই এম নুরুন্নবী জানান, তালিকা তৈরির জন্য একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটির দেওয়া তালিকায় কোনো হেরফের পাওয়া গেলে বা কোনো অভিযোগ পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।