সুবিধাভোগীরা শুধুই টিন পেয়েছেন, টাকা পাননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ঢেউটিন বিতরণে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এখানে সুবিধাভোগীদের ঢেউটিনের পাশাপাশি প্রতি বান্ডিল টিনের বিপরীতে তিন হাজার টাকা করে দেওয়ার নিয়ম থাকলেও তা দেওয়া হয়নি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত বাসগৃহ, প্রতিষ্ঠান বা স্থাপনা মেরামত বা পুনর্নির্মাণের জন্য দরিদ্র জনগণকে সহায়তা করতে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ২০১৩-১৪ অর্থবছরে বিনামূল্যে বিতরণের জন্য এ উপজেলায় ৪৯ বান্ডিল টিন বরাদ্দ দেওয়া হয়। ঢেউটিন দিয়ে সংস্কারকাজ করার খরচ হিসেবে প্রতি বান্ডিলের বিপরীতে তিন হাজার টাকা করে মোট এক লাখ ৪৭ হাজার টাকা উপ-বরাদ্দ হয়েছে। সুবিধাভোগীদের ঢেউটিন বিতরণের সঙ্গে আবশ্যিকভাবে বান্ডিলপ্রতি তিন হাজার টাকা করে চেকের মাধ্যমে দেওয়ার কথা। এদিকে এ উপজেলার জন্য ৪৯ বান্ডিল ঢেউটিন বরাদ্দ হলেও গত বৃহস্পতিবার পর্যন্ত ৪০ বান্ডিল বিতরণ করা হয়েছে। অজ্ঞাত কারণে নয় বান্ডিল টিন এখনো বিতরণ করা হয়নি।
গত বৃহস্পতিবার উপজেলার বেশ কয়েকটি গ্রাম ঘুরে যাঁরা ঢেউটিন পেয়েছেন তাঁদের সঙ্গে কথা বলে জানা যায়, কেউই টিনের বিপরীতে তিন হাজার টাকা তো দূরের কথা, একটা টাকাও পাননি। উল্টো নিজের টাকা খরচ করে বাড়িতে টিনগুলো নিয়ে আসতে হয়েছে। উপজেলার চকঝিনাহার স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার প্রধান শিক্ষক আবদুল আলিম বলেন, ‘আমাদের মাদ্রাসার জন্য পাঁচ বান্ডিল ঢেউটিন দেওয়া হয়েছে। কোনো টাকা দেওয়া হয়নি।’ বড় পাকুড়িয়া মাঝপাড়া গ্রামের রফিকুল ইসলাম এক বান্ডিল ঢেউটিন পেয়েছেন। তিনি বলেন, ‘টিনের সঙ্গে টাকা পাওয়ার কথা এই প্রথম শুনলাম।’ ছোট নারায়ণপুর গ্রামের জামে মসজিদের সভাপতি জালাল শেখ বলেন, ‘উপজেলা চেয়ারম্যানের কাছে সমস্যার কথা বলায় তিনি মসজিদের জন্য এক বান্ডিল টিন বরাদ্দ দিয়েছেন। আমি শুধু টিনই পেয়েছি। কোনো টাকাপয়সা পাইনি।’
পিআইও আবুল কালাম আজাদ বলেন, ‘হিসাবরক্ষণ অফিস থেকে বরাদ্দের টাকা এখনো আমাদের হিসাবে স্থানান্তর হয়নি। তাই টাকা দেওয়া যায়নি। তবে ঢেউটিনের সঙ্গে টাকা না দেওয়াটা ভুলই হয়েছে। আশা করছি, তিন-চার দিনের মধ্যেই টাকাগুলো বিতরণ করা হবে।’