সুবিধাভোগীরাই হন্তারক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সদর উপজেলার একটি সড়কের দুই পাশ থেকে রাতের আঁধারে গাছ কেটে নিয়ে যাওয়া হচ্ছে। গত এক মাসে শতাধিক গাছ কাটা হয়েছে। গাছ রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সুফলভোগীরাই এগুলো কাটছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার কাটার পর বন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা ১৪টি রেইনট্রি ও শিশুগাছ আটক করেছেন।বন বিভাগের সাতক্ষীরা কার্যালয় সূত্রে জানা গেছে, সাতক্ষীরা-খুলনা সড়কের তালতলা থেকে বেনেরপোঁতা পর্যন্ত দেড় কিলোমিটার সড়কের দুই পাশে ২০০৭ সালে বিভিন্ন প্রজাতির কয়েক হাজার গাছের চারা লাগানো হয়। ওই সব গাছ রক্ষণাবেক্ষণের জন্য তৈরি করা হয় সুফলভোগী সমিতি। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জানান, সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও বেনেরপোঁতা সুফলভোগী সমিতির সভাপতি আবদুর রউফ ও সদস্য রুহুল আমিনের নেতৃত্বে একটি মহল এসব গাছ কেটে নিয়ে যাচ্ছে।গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, একটি বেসরকারি সংস্থার কার্যালয়ের সামনে থেকে গোবিনাথপুর গ্রামের দিদারুল খাঁ ও একই গ্রামের বিধু মণ্ডল গাছ কাটছেন। তাঁরা জানান, এ পর্যন্ত তাঁরা ১৫টি গাছ কেটেছেন। বেনেরপোঁতা সুফলভোগী সমিতির সভাপতি আবদুর রউফ ও সদস্য রুহুল আমিন এসব গাছ কেটে তাঁদের যাত্রীছাউনির নিচে জড়ো করতে বলেছেন। তাঁরা আবদুর রউফের শ্রমিক হিসেবে কাজ করছেন। এ ১৫টি গাছের মধ্য ১৪টি গাছ কাটার পর বন বিভাগ আটক করেছে। বেনেরপোঁতা সুফলভোগী সমিতির সভাপতি আবদুর রউফ জানান, শুকিয়ে যাওয়ায় তিনি গাছগুলো কাটতে বলেছেন। গাছ কাটার পর বন বিভাগকে জানিয়ে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। রাতের আঁধারে সড়কের দুই পাশ থেকে গাছ কাটার অভিযোগ তিনি অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, ওই সব গাছ চুরি হয়ে গেছে। সাতক্ষীরা বন বিভাগের ফরেস্টার মো. রকিবউদ্দিন জানান, সুফলভোগীরা গাছ কাটতে পারবেন না। বন বিভাগ সিদ্ধান্ত নিয়ে গাছ কাটার মতো হলে নিলামের মাধ্যমে বিক্রি করবে। গত এক মাসে ১০০-১৫০টি গাছ চুরি হয়ে গেছে। গাছ কেটে নেওয়ার পর বলা হয় চুরি হয়ে গেছে। গতকাল কাটা ১৪টি গাছ জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।