সুবিধায় আওয়ামী লীগ বেকায়দায় বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নবগঠিত তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ একক প্রার্থী দেওয়ায় বেশ সুবিধাজনক অবস্থায় রয়েছে। বিএনপির চারজন মনোনয়নপত্র জমা দেওয়ায় নেতা-কর্মী ও সমর্থকেরা বেশ বেকায়দায় আছেন।
নির্বাচন কার্যালয় সূত্র জানায়, আগামী ৩ অক্টোবর তারাকান্দা উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে নয়জন মনোনয়নপত্র দাখিল করেছেন। ১৫ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ১৬ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
বিএনপি ও আওয়ামী লীগের একাধিক কর্মী-সমর্থকের সঙ্গে কথা বলে জানা গেছে, একক প্রার্থী হওয়ায় এই মুহূর্তে আওয়ামী লীগ বেশ সুবিধাজনক অবস্থায় আছে। তবে মহাজোটের অন্যতম শরিক দল জাতীয় পার্টি প্রার্থী দেওয়ায় কিছুটা অস্বস্তিতে পড়েছে। কিন্তু বিএনপির সমর্থক চারজন মনোনয়নপত্র জমা দেওয়ায় এখন তাঁদের মধ্যে বেশ টানাপোড়েন চলছে।
আওয়ামী লীগ-সমর্থক প্রার্থী শরীফ আহমেদ জানান, দল ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকেরা তাঁর পক্ষে প্রচারণায় নেমে পড়েছেন। তিনি জয়ের ব্যাপারে আশাবাদী। তা ছাড়া, জাতীয় পার্টি-সমর্থিত প্রার্থী হারুনুর রশিদকে তিনি প্রার্থিতা প্রত্যাহার করতে বলেছেন।
হারুনুর রশিদ জানান, তাঁর দলের কেন্দ্র থেকে অনুমতি দিলে তিনি প্রার্থিতা প্রত্যাহার করবেন। অন্যথায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বিএনপির অন্তত ৪০ জন নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপি এখনো সিদ্ধান্তহীনতায় রয়েছে। বিএনপির সমর্থন পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন ময়মনসিংহ জেলা উত্তর শাখার সাধারণ সম্পাদক মোতাহার হোসেন তালুকদার। তবে তারাকান্দা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মজিবুল হক, তারাকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা খান, তারাকান্দা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক এ এফ এম ওয়াহিদুজ্জামান নির্বাচন করার জন্য মাঠে কাজ করছেন। বিএনপির নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, শেষ পর্যন্ত ওয়াহিদুজ্জামান ও মাসুদ খানের সমর্থন পাবেন মোতাহার হোসেন।
মোতাহার হোসেন তালুকদার দাবি করেন, তিনি দলের তৃণমূল পর্যায়ে সমর্থন পাওয়ায় সব দিক থেকে এগিয়ে আছেন। বিএনপির নেতৃত্বাধীন ১৮ দল থেকে তাঁকেই সমর্থন দেওয়া হবে এবং তাঁর পক্ষে সবাই মাঠে কাজ করবেন।
এদিকে অন্য তিন প্রার্থী তারাকান্দা বাজার বণিক সমিতির সভাপতি নুরুজ্জামান সরকার, কাপড় ব্যবসায়ী শাজাহান ও ইউসুফ মনোনয়নপত্র দাখিল করেছেন।