সুবিধার অভাব ও জনবল-সংকটে যথাযথ চিকিৎসা পাচ্ছে না শিশুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুবিধার অভাব, অব্যবস্থাপনা ও জনবল-সংকটের কারণে রাজধানীর মাতুয়াইলের শিশু-মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটে মৃত্যুর ঘটনা প্রায় সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। রোগীর চাপ বাড়লেও বাড়ছে না সেবার পরিধি বা মান। কর্তৃপক্ষ বলছে, জনবলের সংকটের কারণে রোগীর চাপ সামলাতে পারছে না এ চিকিৎসালয়।গত শুক্রবার এক দিনে সেখানে নবজাতকসহ চার শিশু মারা গেলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। মারা যাওয়া শিশুদের পরিবারের অভিযোগ, অক্সিজেনের অভাব ও চিকিৎসকদের কর্তব্যে অবহেলাই ওই শিশুদের মৃত্যুর কারণ। তবে মাতুয়াইল শিশু-মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউট কর্তৃপক্ষের দাবি, তাদের হাসপাতালে শিশুমৃত্যুর হার কম।হাসপাতাল থেকে পাওয়া তথ্যে দেখা গেছে, এখানে চলতি বছর সপ্তাহে গড়ে দুটির বেশি শিশু মারা গেছে।রোগীর তুলনায় সেবার সুযোগ কম: ২০০ শয্যার শিশু-মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটে নবজাতকের জন্য রয়েছে ১৪টি শয্যা। কিন্তু এখানে প্রতিদিন থাকছে ২৫টিরও বেশি শিশু। চিকিৎসকেরা জানান, এ সংখ্যা কোনো সময় চল্লিশেরও বেশি হয়। একাধিক চিকিৎসক প্রথম আলোকে বলেন, চাপ বেশি হলে একটি শয্যায় একাধিক শিশুকে রাখতে হয়। গত ফেব্রুয়ারি ও মার্চ মাসে নিউমোনিয়া ও ব্রংকিউলাইটিস রোগে আক্রান্ত শিশুদের একটি শয্যায় ছয়জনকে পর্যন্ত থাকতে হয়েছে। অসুস্থ নবজাতকের চাপ থাকলেও এখানে নিবিড় পরিচর্যাকেন্দ্রের (আইসিইউ) সেবা নেই।এ ব্যাপারে প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক এস এম শাহনাওয়াজ বিন তবিব প্রথম আলোকে বলেন, ‘আইসিইউ রোগীদের আমরা কোনো সেবা দিতে পারি না। আমরা তাদের ঢাকার অন্যান্য হাসপাতালে সেবা নেওয়ার পরামর্শ দিই। তবে অধিকাংশ দরিদ্র হওয়ার কারণে এখানেই থেকে যায়। সমস্যায় থাকা শিশুরা মারা গেলেও তখন কিছু করার থাকে না।’নারায়ণগঞ্জের সাড়ে তিন বছর বয়সী মুন্নি মেনিনজাইটিস নিয়ে সাত দিন ধরে হাসপাতালে ভর্তি আছে। তার একই বিছানায় আরেক পাশে রাখা হয়েছে জাহিদ হাসান নামের এক শিশুকে। তাদের পাশেই চাপাচাপি করে বসেছেন দুই জনের মা।লোডশেডিংয়ের কারণে এ হাসপাতালেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক নয়। বিদ্যুৎ চলে যাওয়ার পর জেনারেটর চালু হলেও অক্সিজেনের সরবরাহ চালু হতে কমপক্ষে ২০ থেকে ২৫ মিনিট লাগে। এ সময় সিলিন্ডারের অক্সিজেনের ওপর নির্ভর করতে হয়। শুক্রবার মারা যাওয়া তিন মাস ১০ দিন বয়সী শিশু হাসানের বাবা পোশাককর্মী আবদুস সালাম প্রথম আলোকে বলেন, ‘ওই দিন সকাল সাড়ে আটটায় হাসানের শ্বাসকষ্ট শুরু হয়। তখন হাসপাতালে বিদ্যুৎ ছিল না। চিকিৎসক না পেয়ে আমি নার্সদের অক্সিজেনের কথা বলি। তখন তাঁরা বলেন, সিলিন্ডার আনতে হবে। সময়মতো অক্সিজেন পেলে হাসানকে বাঁচানো যেত।’সকাল ১০টা ২০ মিনিটে হাসান মারা যায় বলে তার বাবা জানান।নির্বাহী পরিচালক এস এম শাহনাওয়াজ বিন তবিব প্রথম আলোকে অক্সিজেনের সমস্যা প্রসঙ্গে বলেন, ‘আমাদের এখানে অক্সিজেনের কোনো সংকট নেই। বিদ্যুৎ চলে গেলে সরবরাহে সমস্যা হয়। তবে পর্যাপ্ত সিলিন্ডারের ব্যবস্থা আছে।’ হাসানের প্রসঙ্গ তুলতে তিনি বলেন, তখন বিদ্যুৎ ছিল না। সিলিন্ডারের ব্যবস্থা করতে নার্সকে নিচে যেতে হয়েছিল। তবে শিশুটির অবস্থা এমনিতেই আশঙ্কাজনক ছিল।কর্মীদের হতাশা প্রভাব ফেলছে সেবায়: জনবল-সংকট, চুক্তিভিত্তিক নিয়োগ ও পদোন্নতির সমস্যা নিয়ে এখানকার কর্মীদের মধ্যে হতাশা আছে। ৩৯২ জন কর্মীর মধ্যে ১৬৯ জনই কাজ করছেন চুক্তিভিত্তিক নিয়োগে। এর মধ্যে চিকিৎসক ৪৯ জন। ৬৮ জন নার্সের মধ্যে ৪২ জনই চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া। চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া এসব কর্মী সরকারি সুবিধা ও পদোন্নতি থেকে বঞ্চিত। নয় বছর ধরে চুক্তিভিত্তিক নিয়োগে কাজ করা চিকিৎসক নাজমুল হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা এত বছর ধরে একই পদে আছি। মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। আমাদের অবিলম্বে একটি ব্যবস্থায় আনা প্রয়োজন।’ একই কথা বলেন চিকিৎসক জামিল আহমেদ। অধ্যাপকের নির্ধারিত তিনটি পদও শূন্য আছে বলে জানিয়েছে হাসপাতালের কর্তৃপক্ষ।নির্বাহী পরিচালক প্রথম আলোকে এ ব্যাপারে বলেন, ‘আন্তমন্ত্রণালয় জটিলতার কারণে প্রতিষ্ঠানের জনবল প্রবিধানের ব্যাপারটির কোনো সুরাহা হচ্ছে না। বিষয়টি সুরাহা হলে আরও ২২৫ জন স্বাস্থ্যকর্মীকে নিয়োগ দেওয়া যাবে।’ তিনি আরও বলেন, ‘প্রতিষ্ঠানের অধিকাংশ কর্মীই চুক্তিভিত্তিক নিয়োগে কাজ করছেন। বেতন-ভাতার সমস্যা নিয়ে তাঁরা বেশ হতাশ। আর এ হতাশা চিকিৎসাসেবায়ও প্রভাব ফেলছে।’খবরের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্যপ্রথম আলোসহ গণমাধ্যমে প্রকাশিত মাতুয়াইলের শিশু-মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটে এক দিনে চার শিশুর মৃত্যুর বিষয়ে সংবাদের প্রতিবাদ জানিয়েছে প্রতিষ্ঠানটি।গতকাল শনিবার পাঠানো প্রতিবাদলিপিতে বলা হয়, ওই দিন দুই নবজাতকসহ তিনটি শিশুর মৃত্যু হয়েছে। আর এ ক্ষেত্রে কর্তব্যে কোনো অবহেলা ছিল না। অত্যন্ত কম ওজনের ও অপরিণত বয়সে জন্ম নেওয়া শিশুদের বিভিন্ন জটিলতা দেখা দেওয়ায় তাদের বাঁচিয়ে তোলার হার খুবই কম।প্রতিবেদকের বক্তব্য: হাসপাতাল কর্তৃপক্ষ তিনটি শিশু মারা যাওয়ার কথা বললেও গত শুক্রবার মাসুম নামের ১০ মাস বয়সী আরেকটি শিশু মারা যায়। সে জন্মগত হূদরোগে ভুগছিল। ওই প্রতিষ্ঠানেরই একজন চিকিৎসক এ প্রতিবেদকের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।