কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে শিশু ওয়ার্ড চালু করা হয় ২০১২ সালের ফেব্রুয়ারিতে। চালুর পাঁচ বছরেও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নেই ওয়ার্ডটিতে। চিকিৎসার ব্যবস্থা থাকলেও নেই শিশুদের শিক্ষার ব্যবস্থা। নিয়োগ দেওয়া হয়নি প্রয়োজনীয় লোকবল। পরিবেশও শিশুবান্ধব নয়।
তেজগাঁওয়ের কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের তৃতীয় তলায় প্রকল্পের অংশ হিসেবে ২০১২ সালের ২৮ ফেব্রুয়ারি চালু করা হয় শিশু-কিশোর ওয়ার্ড। গত বছর থেকে এটি স্থায়ী করা হয়েছে। ওয়ার্ডটি ১০ শয্যার। এটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক পরিচালিত। মূলত সুবিধাবঞ্চিত পথশিশু ও নিম্ন আয়ের পরিবারের মাদকাসক্ত শিশুরাই এখানে চিকিৎসা নিয়ে থাকে।
গতকাল বুধবার দেখা যায়, তৃতীয় তলার একটি অংশে শিশু ওয়ার্ডটি অবস্থিত। সার্বক্ষণিক বাইরে থেকে তালাবদ্ধ থাকে। ভেতরে পাশাপাশি দুটি কক্ষে শিশুদের থাকার ব্যবস্থা। এর পাশের একটি কক্ষে শিশুদের ছবি আঁকার ব্যবস্থা, উদ্দীপনামূলক দীক্ষা লেখার জন্য সাদা বোর্ড আছে। বিনোদনের জন্য আছে ক্যারম, লুডু খেলার ব্যবস্থা ও একটি টেলিভিশন সেট।
গতকাল ওয়ার্ডে পাঁচজন শিশু ভর্তি ছিল। এদের সবারই পরিবার আছে। পরিবারের লোকজনই এসব শিশুকে এই নিরাময় কেন্দ্রে নিয়ে এসেছেন। তাদের কেউ এসেছে পটুয়াখালী থেকে, কেউ মাদারীপুর থেকে। ঢাকার শিশুও আছে।
ওয়ার্ডে ভর্তি এসব শিশুদের সঙ্গে কথা বলে জানা যায়, এদের চারজনই স্কুলে পড়ত। দুজন আছে দশম শ্রেণির শিক্ষার্থী। গাঁজা ও ইয়াবা আসক্ত হয়ে পড়ায় পরিবারের লোকজন এখানে ভর্তি করিয়েছেন। কেউ ২০ দিন, কেউ ১০ দিন ধরে নিরাময় কেন্দ্রে আছে।
নিরাময় কেন্দ্রের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, শিশু ওয়ার্ডে শিশুদের ২৮ দিন চিকিৎসা দেওয়া হয়। মূলত মাদকাসক্তি চিকিৎসার নির্বিষকরণ পর্বটি এখানে দেওয়া হয়। যেসব শিশু এখানে চিকিৎসা নেয় তাদের অধিকাংশই ড্যান্ডি, ইয়াবা, গাঁজা, ঘুমের ওষুধে আসক্ত।
আহ্ছানিয়া মিশনের সঙ্গে নিরাময় কেন্দ্রের একটি সমঝোতা স্মারক আছে। সমঝোতা অনুযায়ী, আহ্ছানিয়া মিশন নিরাময় কেন্দ্রের শিশু বিভাগে মাদকাসক্ত সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে আসে। একটি দলের ২৮ দিনের চিকিৎসা নেওয়া শেষে আরেকটি দল আসে।
নিরাময় কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত বছরের জানুয়ারি থেকে এই বছরের জানুয়ারি পর্যন্ত ৮৩ জন শিশু এখানে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে আহ্ছানিয়া মিশন থেকে এসেছে ৪৬ জন আর অন্যান্য শিশু ছিল ৩৭ জন।
শিশুদের মাদকাসক্তি নিরাময়ে কাজ করলেও পর্যাপ্ত সুযোগ-সুবিধা নেই ওয়ার্ডটিতে। নিরাময় কেন্দ্রের অন্য চিকিৎসক, নার্সরাই শিশুদের চিকিৎসা দিয়ে থাকেন। নেই কোনো শিশু মনোরোগ চিকিৎসক। ওয়ার্ডের জন্য দৈনিক মজুরির ভিত্তিতে চতুর্থ শ্রেণির একজন কর্মচারী নিয়োগ করা হয়েছে। শিশুদের জন্য পৃথক চিকিৎসক বা নার্স নেই।
নিরাময় কেন্দ্রের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, শিশুদের মাদকাসক্তি নিরসনে প্রয়োজনীয় প্রশিক্ষিত লোকবল ও ব্যবস্থাপনা ওয়ার্ডে নেই। শিশুদের জন্য পৃথক মনোরোগ চিকিৎসক থাকা আবশ্যক ছিল। বদ্ধ একটি জায়গায় ২৮ দিন রেখে চিকিৎসা দিলেই শিশুদের মাদকাসক্তি নিরাময় হবে বিষয়টি এমন নয়। চিকিৎসা শেষে এসব শিশুর পুনর্বাসনের কী হবে, সে বিষয়েও কোনো সিদ্ধান্ত নেই।
এ বিষয়ে কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের প্রধান পরামর্শক সৈয়দ ইমামুল হোসেন প্রথম আলোকে বলেন, চিকিৎসার পরে শিশুদের শিক্ষার ব্যবস্থা একটি জটিল বিষয়। বিশেষ স্কুল ও শিক্ষক প্রয়োজন, যা নেই। এক মাস চিকিৎসার পরে শিশুরা আবার আগের অবস্থায় ফিরে গেলে সেটা দুঃখজনক। শিশুদের জন্য ওয়ার্ড হয়েছে, এখন অন্যান্য সুযোগ তৈরিই বড় চ্যালেঞ্জ।
আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) ও মোস্ট অ্যাট রিস্ক অ্যাডলসেন্ট (এমএআরএ) নামের দুটি প্রতিষ্ঠানের ২০১২ সালের একটি জরিপ অনুযায়ী, বাংলাদেশে ৪ লাখ ৪৫ হাজার সুবিধাবঞ্চিত পথশিশু আছে। এদের মধ্যে রাজধানীতে থাকে ৩ লাখেরও বেশি পথশিশু। এদের বেশির ভাগই মাদকে আসক্ত। সুবিধাবঞ্চিত পথশিশুর সংখ্যা ও মাদকাসক্ত শিশুর সংখ্যা কত—সেটির সরকারি কোনো হিসাব নেই।