কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের সিংগুয়া নদীতে ২০ লাখ টাকা ব্যয়ে (ত্রাণ ও দুর্যোগবিষয়ক মন্ত্রণালয়ের অধীন) একটি সেতু নির্মাণ করা হয়েছে। সেতুটির উচ্চতা বেশি না হওয়ায় ভাটি এলাকার বড় বড় নৌকা কালিয়াচাপড়া বাজারে আসতে পারছে না। এ কারণে মানুষের সুবিধার চেয়ে অসুবিধাই বেশি হচ্ছে।এলাকাবাসী জানান, সিংগুয়া নদীতে ১৮ ফুট উঁচু ও ৪০ ফুট লম্বা এই সেতু ২০১০-১১ অর্থবছরে নির্মিত হয়েছে। এই সেতু নির্মাণের ফলে সিলেট বিভাগসহ হাওরাঞ্চল ইটনা, মিটামইন ও অষ্টগ্রামের ব্যবসায়ীরা বর্ষাকালে নৌকায় করে ধান, চাল, পাট, কাঠ ও কাঁচামাল পাকুন্দিয়া উপজেলার কালিয়াচাপড়া বাজারে নিয়ে আসতে পারছেন না। দূরদূরান্ত থেকে আসা মালবাহী নৌকাগুলো কোদালহাটিয়া গ্রামে ওই সেতুতে আটকা পড়ে। এ ছাড়া ছোট ছোট নৌকায় করে মালামাল পরিবহন করতে ভোগান্তির পাশাপাশি ব্যয়ও বাড়ে।কোদালহাটিয়া গ্রামের হেলাল উদ্দিন (৭০) বলেন, স্থানীয় এলাকাবাসীর অভিযোগকে তোয়াক্কা না করে এই সেতু নির্মাণ করা হয়েছে। এতে কিশোরগঞ্জ অঞ্চলের বৃহত্তম বাজার কালিয়াচাপড়া বাজারে নদীপথে মালামাল সরবরাহ প্রায় বন্ধ হয়ে পড়ছে। তিনি এই সেতু ভেঙে আরও উঁচু সেতু নির্মাণের দাবি জানান।বনগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, এই সেতুর জন্য নৌপথে কালিয়াচাপড়ার সঙ্গে বৃহত্তর সিলেটসহ হাওরাঞ্চলের যোগাযোগব্যবস্থা বন্ধ হয়ে গেছে। এ ব্যাপারে কটিয়াদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল গনি বলেন, ‘আমার যোগদানের আগেই সেতুটির নির্মাণস্থল নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে আমার কিছুই করার নেই।’