সুবীর চৌধুরীর প্রতি অন্তিম শ্রদ্ধা আজ অন্ত্যেষ্টিক্রিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুবীর চৌধুরী
সুবীর চৌধুরী

দেশের বরেণ্য চিত্রশিল্পীরা এসেছেন। এসেছেন সাহিত্যিক, সংগীতজ্ঞ, শিক্ষাবিদ, রাজনীতিকসহ বিভিন্ন ক্ষেত্রের কৃতীজনেরা। আর শিল্পানুরাগীদেরও অনেকে। ধানমন্ডির বেঙ্গল গ্যালারি প্রাঙ্গণ পরিপূর্ণ সুধিদের সমাবেশে।কমবেশি এমন জনসমাবেশ তো প্রায়ই হয় গ্যালারিতে শিল্পকর্ম প্রদর্শনী উপলক্ষে। তবে গতকাল শুক্রবার কোনো প্রদর্শনী ছিল না।বরং যে মানুষটি ছিলেন এত দিন প্রদর্শনী আয়োজনের নেপথ্য নায়ক, তিনিই দ্রষ্টব্যে পরিণত হয়েছিলেন। আর উপস্থিত সবাই ছিলেন বিষণ্ন।
চোখ দুটি তুলসীপাতায় ঢাকা। গ্যালারির প্রধান কক্ষের মেঝেতে রাখা কফিনে চিরনিদ্রায় শায়িত গ্যালারির পরিচালক ও বেঙ্গল ফাউন্ডেশনের ট্রাস্টি সুবীর চৌধুরী। পাশে রোরুদ্যমান তাঁর স্ত্রী। কফিনের সামনে দিয়ে ধীর কদমে এগিয়ে গিয়ে তাঁর প্রতি অন্তিম শ্রদ্ধা নিবেদন করছিলেন উপস্থিতজনেরা। কেউ রাখছিলেন ফুলের তোড়া, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নিবেদন করা হচ্ছিল বড় আকারের স্তবক। গ্যালারির একটি অংশ ভরে উঠেছিল সেই ফুলে ফুলে।
সুবীর চৌধুরী মস্তিষ্কের ক্যানসারে গত ৩০ জুন পরলোকগমন করেন অস্ট্রেলিয়ায়। তাঁর প্রয়াণ অনেকটাই আকস্মিক ছিল শিল্পী ও শিল্পানুরাগীদের কাছে। এই অনিরাময়যোগ্য রোগটি আগে ধরা পড়েনি। তিনি গত মার্চ মাসে বাংলাদেশের ১০ জন বিশিষ্ট শিল্পীর কাজের প্রদর্শনী নিয়ে গিয়েছিলেন অস্ট্রেলিয়ায়। সিডনি, ক্যানবেরা ও মেলবোর্নে এই প্রদর্শনী হয়। প্রদর্শনী চলার সময়েই তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন। সেখানে চিকিৎসা শুরু হলে তাঁর মস্তিষ্কে ক্যানসার ধরা পড়ে। তার পর থেকে সিডনিতেই তাঁর চিকিৎসা চলছিল। তবে আরোগ্য লাভ করে আর স্বজনদের মধ্যে ফিরতে পারেননি তিনি।
গতকাল সিডনি থেকে তাঁর মরদেহ ঢাকায় আনা হয়। বিমানবন্দর থেকে বেলা তিনটায় তাঁকে আনা হয় কর্মস্থল ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে। এখানে শিল্পী, লেখক, সংস্কৃতিজনসহ তাঁর সুহৃদেরা অন্তিম শ্রদ্ধা নিবেদন করেন।
আজ শনিবার বেলা ১১টা থেকে একটা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে, একটা থেকে দুইটা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে, সোয়া দুইটা থেকে তিনটা পর্যন্ত শিল্পকলা একাডেমীতে মরদেহ রাখা হবে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য। পরে সাড়ে তিনটায় সবুজবাগ শ্মশানঘাটে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।
সুবীর চৌধুরী ১৯৫৩ সালে জামালপুরে জন্মগ্রহণ করেন। ১৯৭৪ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে স্নাতক ডিগ্রি নেন এবং ১৯৯৭ সালে দিল্লি থেকে বিনষ্ট তেলচিত্র পুনর্নির্মাণ বিষয়ে ডিপ্লোমা নেন। ১৯৭৫ সালে শিল্পকলা একাডেমীতে চারুকলা বিভাগের সহকারী পরিচালক হিসেবে যোগ দেন। পরে এই বিভাগের পরিচালক হন। ২০০৪ সালে তিনি বেঙ্গল গ্যালারির পরিচালকের দায়িত্ব নেন এবং পরে বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালক ও ট্রাস্টি হন।
বাংলাদেশের চারুশিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সুবীর চৌধুরী। শিল্পকলা একাডেমীতে কাজ করার সময় তিনি দেশের বিভিন্ন অঞ্চলে ভ্রাম্যমাণ চারুকলা প্রদর্শনীর আয়োজন করেন এবং দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনীকে এশিয়ার অন্যতম প্রদর্শনীতে পরিণত করে তোলেন। তিনি দেশে-বিদেশে বাংলাদেশের শিল্পীদের বহু প্রদর্শনীর আয়োজন করেছেন। আর্ট ক্যাম্পের ব্যবস্থাপনা করেছেন। বিশিষ্ট শিল্পীদের পাশাপাশি সম্ভাবনাময় নবীন শিল্পীদেরও তিনি নানাভাবে উৎসাহিত ও অনুপ্রাণিত করেছেন। বহুমুখী কাজের মধ্য দিয়ে তিনি দেশের শিল্পী ও শিল্পানুরাগীদের কাছে প্রিয়জন হয়ে ওঠেন। আকস্মিকভাবে সেই কর্মমুখর প্রিয় মানুষটির চিরপ্রস্থানে শোক ও বেদনায় ভারাক্রান্ত ছিলেন গতকাল তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে আসা স্বজন ও সুহৃদেরা।
শ্রদ্ধা নিবেদন করতে এসেছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কূটনীতিক ফারুক চৌধুরী, শিল্পী মুস্তাফা মনোয়ার, কাইয়ুম চৌধুরী, সৈয়দ জাহাঙ্গীর, সমরজিৎ রায়চৌধুরী, রফিকুন নবী, মাহমুদুল হক, মনিরুল ইসলাম, শহীদ কবির, হামিদুজ্জামান খান, অধ্যাপক নজরুল ইসলাম, অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচর্য, বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, নাট্যজন রামেন্দু মজুমদার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ, সংগীতজ্ঞ আজাদ রহমানসহ অনেকে।