সুবীরকে হুইলচেয়ার দিল উপজেলা পরিষদ
কিশোরগঞ্জের নিকলীতে বিদ্যালয় থেকে ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষক সুবীর বিশ্বাসকে সহায়তার জন্য এগিয়ে এসেছে উপজেলা পরিষদ। উপজেলা পরিষদের পক্ষ থেকে গত বৃহস্পতিবার তাঁকে একটি হুইলচেয়ার দেওয়া হয়েছে। গত ২৮ এপ্রিল প্রথম আলোয় ‘স্যালুট সুবীর তোমায়’ শিরোনামে শনিবারের বিশেষ প্রতিবেদন ছাপা হয়। নিকলী উপজেলার গুরুই ইউনিয়নের শিবিরপাড়া গ্রামের শারীরিক প্রতিবন্ধী এই তরুণ দীর্ঘ নয় বছর ধরে বিদ্যালয় থেকে ঝরে পড়া ও গরিব পরিবারের শিশুদের পড়িয়ে আসছেন। বিনিময়ে কোনো টাকাপয়সা নেন না। ঝরে পড়া অনেক শিশু সুবীরের কাছে এসে এখন বিদ্যালয়মুখী। প্রতিবেদনটি পড়ে দেশ-বিদেশের বহু পাঠক ও সমাজের বিভিন্ন পেশার মানুষ সুবীরকে সহায়তার আশ্বাস দেন। এ পরিপ্রেক্ষিতে সুবীরের নামে একটি ব্যাংক হিসাব খোলা হয়। এই হিসাব নম্বরে (সুবীর বিশ্বাস, হিসাব নম্বর-৩৪০৭৮৪৯৯, সোনালী ব্যাংক নিকলী শাখা, কিশোরগঞ্জ) নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক ব্যক্তি ইতিমধ্যে ১৩ হাজার টাকা জমা দিয়েছেন। এ ছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গত ৪ অক্টোবর টেস্ট রিলিফের (টিআর) দুই টন চাল বরাদ্দ দেওয়া হয় একটি দোচালা টিনের ঘর বানানোর জন্য। ইতিমধ্যে দোচালা টিনের ঘর তোলা হলেও বেড়া না থাকায় শিশুরা শীতে কষ্ট পাচ্ছে।